এথেন্স, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডাচ পতাকাবাহী একটি জাহাজ রোববার গ্রিস দ্বীপ কর্ফূ থেকে ৩০ মাইল দূরে ভূমধ্যসাগরে একটি কাঠের নৌকায় ভাসতে থাকা ২৪১ অভিবাসীকে উদ্ধার করেছে।
নিখোঁজ আরো ২২ জনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড।
গ্রিস কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, "উদ্ধার হওয়া লোকজন ২২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে। পাঁচটি জাহাজ ও উদ্ধারকারী হেলিকপ্টার দিয়ে তাদের খোঁজ করা হচ্ছে।"
উদ্ধার হওয়া অভিবাসীরা সবাই সুস্থ আছে এবং তারা সবাই আফগান নাগরিক বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রীক কোস্টগার্ড সদস্য।
উদ্ধারের আগে তারা সাহায্যের আবেদন জানিয়েছিল এবং গ্রিসের সময় রাত আড়াইটার দিকে তদের উদ্ধার করা হয় বলে জানান তিনি।
গ্রিস ক্রমেই অবৈধ অভিবাসী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের সদরদরজা হয়ে দাঁড়িয়েছে।
গত কয়েক বছরে অবৈধ অভিবাসীরা দুর্বল নৌকায় সাগর পাড়ি দেওয়ার চেয়ে তুরস্ক হয়ে ইউরোপের অপেক্ষাকৃত নিরাপদ স্থল রুট ব্যবহার করছে।
১ কোটি ১০ লাখ অধিবাসীর দেশ গ্রিসে প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থী আছে এবং তাদের সংখ্যা ক্রমেই বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৮ ঘ.
bdnews24