ওয়াশিংটন, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও চীনের প্রেসিডেন্ট হু জিনতাও-এর বৈঠক বিশ্ব অর্থনীতির দুই পরাশক্তির মধ্যে স্পর্শকাতর বিষয়গুলোতে ইতিবাচক ফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের চীন-নীতি নিয়ে আলোচনার সময় হিলারি বলেন, দুই নেতার বৈঠকে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র বিস্তারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মতবিরোধ দূর করতে সমাধানের পথ বের হয়ে আসবে।
১৯ জানুয়ারি ওয়াশিংটনে ওবামার সঙ্গে জিনতাওয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক একটি নতুন যুগের সূচনালগ্নে এসে পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি।
হিলারি বলেন, "আমেরিকা ও চীন নতুন সম্পর্কের দ্বার গোড়ায় পৌঁছেছে যখন আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের ছোট-বড় সব বিষয়গুলোকে নতুন চেহারা দেওয়ার চেষ্টা করবো।
"বৈশ্বিক মন্দা, পরমাণু অস্ত্র বিস্তার, সন্ত্রাসবাদ, সমুদ্র বক্ষে জলদস্যুদের তৎপরতা-এসব বিষয় চীনসহ আমাদের সবার জন্য হুমকি, এর বিরুদ্ধে লড়াইয়ে চীনের আমাদের সঙ্গে যোগ দেওয়া উচিত।"
ইয়েনের সঠিক মূল্য নির্ধারণ, বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে বিমাতাসুলভ আচরণ বন্ধ করা এবং চীনের বাজারে যুক্তরাষ্ট্রের প্রক্রিয়াজাতকরণ পণ্য ও কৃষিপণ্যের প্রবেশাধিকার বাড়াতে চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান হিলারি।
চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের এ সফরকে ৩০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। ২০১০ সালে দু'দেশের সম্পর্কে যে টানাপোড়েন চলে তাকে পিছনে ফেলে আগামী বছরগুলোতে সুসম্পর্ক প্রতিষ্ঠাই এ সফরের লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।
গত বছর তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রস্তাবনা, তিব্বত পরিস্থিতি, চীনের মানবাধিকার পরিস্থিতি এবং উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিরোধ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে নানা ধরনের টানাপোড়েন চলতে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/এএমটি/১৯০৪ ঘ.
bdnews24