আবিদজান, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টের নেতা ল্যঁরা বাগবোর অনুগত বাহিনী বিরোধী ওয়াত্তারা সমর্থিত অঞ্চল সিল করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রবেশও।
অবিদজানের এই জায়গাটিতেই প্রেসিডেন্ট বাগবো ও বিরোধী ওয়াত্তারার সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিলো। জাতিসংঘ শান্তিরক্ষীরা বৃহস্পতিবার একথা জানিয়েছে।
আইভরি কোস্টের রাজধানী আবিদজানের উপশহর আ্যবোবোতে মঙ্গল ও বুধবারের ওই সংঘর্ষে বাগবোর অনুগত পাঁচজন পুলিশসহ ১১ জন নিহত হয় বলে জানিয়েছে রয়টার্স।
আইভরি কোস্টের নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে আন্তর্জাতিক স্বীকিৃতি পাওয়া আলাসানে ওয়াত্তারা আবিদজানের এক হোটেল প্রাঙ্গনে জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রহরায় সমান্তরাল সরকার চালাচ্ছেন। তার সরকার বলেছে, বাগবোর অনুগত বাহিনী বুধবারের সংঘর্ষে অন্ততপক্ষে ৭ জনকে হত্যা করেছে।
বুধবার ওই হোটেল অভিমুখী খাদ্যবাহী একটি ট্রাক বাগবো অনুগত আইভরি কোস্ট সেনারা আটক করে ও বাগবো সমর্থকদের ট্রাকটি লুট করার সুযোগ করে দিয়েছে বলে জানিয়েছে শান্তিরক্ষীরা।
আইভরি কোস্টে ২৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাগবোর প্রতিপক্ষ ওয়াত্তারাই জয়ী হয়েছে বলে মনে করে আন্তর্জাতিক মহল। কিন্তু বাগবো তার হাতে ক্ষমতা হস্তান্তর না করে নিজে ক্ষমতা দখল করে রেখেছেন।
বাগবোর অনুগত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবার পুলিশদের টহল গাড়ির ওপর ওয়াত্তারার সশস্ত্র সমর্থকরা রকেট চালিত গ্রেনেড হামলা চালালে ওই পাঁচ পুলিশ নিহত হয়।
ওদিকে জাতিসংঘ এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সন্ধ্যায় আবিদজানে শান্তিমিশনের টহল সেনাদের ওপর বাগবো অনুগতদের এক অতর্কিত হামলায় কয়েকজন শান্তিসেনা সামান্য আহত হয়।
বাগবো আইভরি কোস্টে মোতায়েন ১০ হাজারের মত জাতিসংঘ শান্তিরক্ষীদের দেশ ছাড়তে বলেছেন। কিন্তু শান্তিমিশন এর বিরোধিতা করে ২ হাজার শান্তিসেনা বাড়ানোর পরিকল্পনা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৪১ ঘ.
bdnews24