ইসলামাবাদ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে দুইদিনের সফর শেষে বুধবার পাকিস্তানে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠকে বাইডেন জঙ্গিদের বিরুদ্ধে দমাভিযান আরো জোরদার করার জন্য ইসলামাবাদকে চাপ দেবেন।
সেইসঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে আরো বেশি টানাপোড়েন এড়ানোরও চেষ্টা নেবেন তিনি।
কাবুল সফরকালে মঙ্গলবার বাইডেন বলেন, আফগানিস্তানে তালেবান ও অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে আরো বেশি সহায়তা করা প্রয়োজন পাকিস্তানের।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বাইডেন বলেন, "সীমান্তে পাকিস্তান অংশে তালেবানদের ওপর অনেক অনেক বেশি চাপ প্রয়োজন। এ পর্যন্ত যতটুকু চেষ্টা করা হয়েছে তার চেয়ে বেশি। সামনে আরো অনেক কঠিন দিন আছে।"
আফগান সীমান্ত বরাবর পাকিস্তানের আদিবাসী অঞ্চলে ঊর্ধ্বতন আল কায়েদা এবং তালেবান জঙ্গিরা আশ্রয় নিয়েছে বলে ধারণা করা হয়ে আসছে। পাকিস্তানের সেনাবাহিনী ওই এলাকায় কয়েকটি অভিযান চালিয়েছে। তবে এর চেয়ে বেশি কিছু করার সক্ষমতা নেই বলে জানিয়েছে তারা।
কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামা ও অন্যান্য মার্কিন কর্মকর্তারা সীমান্ত এলাকায় জঙ্গি দমনে যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার জন্য পাকিস্তানের সমালোচনা করে আসছে।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৬ ঘ.
bdnews24