ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডচকম)- আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এ নিয়ে পরপর দুবার বিশ্বসেরা ফুটবলারের খেতাব জয় করলেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়।
সেরার খেতাব জয়ের পথে তিনি হারিয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী দলের দুই খেলোয়াড় জাভি ও ইনিয়েস্তাকে। এ দুই খেলোয়াড় ক্লাব ফুটবলে মেসির সতীর্থ।
বিবিসি জানিয়েছে, মেসির সঙ্গে সেরা কোচের পুরস্কার পেয়েছেন ইন্টার মিলানের সাবেক কোচ হোসে মরিনহো। তার নেতৃত্বেই ইন্টার মিলান গত মৌসুমে ট্রেবল জয় করে। এ কারণেই নির্বাচকরা তাকে বেছে নিয়েছেন। মরিনহো এখন রিয়াল মাদ্রিদে।
স্পেনের বিশ্বকাপজয়ী কোচ ভিনসেন্ট দেল বস্কও ছিলেন সেরা কোচের তালিকায়।
পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করে মেসি বলেন, "এই অর্জনে আমি বিস্মিত।"
মেসি আরো বলেন, "এই অর্জন বিশেষ কিছুর চেয়েও বেশি। আমার সব বন্ধু, আমার পরিবার, বার্সেলোনার সর্তীর্থ এবং আর্জেন্টিনার জনগণও এর অংশীদার।"
সেরা খেলোয়াড় হিসেবে নাম ঘোষণার পর মেসি একটু বিস্মিত হয়েছেন বলে জানিয়েছেন। কেননা বিশ্বকাপে তিনি ভালো করতে পারেননি। অবশ্য তারপরও গত মৌসুমে ৬০ এরও বেশি গোল করায় নির্বাচকরা মেসিকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন।
বিপরীত দিকে, খেতাবজয়ের দৌড়ে থাকা জাভি ও ইনিয়েস্তা বিশ্বকাপের পুরোটা সময়ই অবিশ্বাস্য দাপট নিয়ে স্পেনকে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দেন। ফাইনালে একমাত্র জয়সূচক গোলটি করেন ইনিয়েস্তা।
আর মাঠের কেন্দ্রে থেকে স্প্যানিশ দলকে নিয়ন্ত্রণ করে বিস্ময়কর খেলোয়াড়ে পরিণত হন জাভি। কিন্তু তারপরও ক্লাবের হয়ে মেসির খেলাই নির্বাচকদের মন গলাতে সক্ষম হয়।
প্রসঙ্গত, মেসি এই নিয়ে পরপর দুইবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১২ ঘ.
bdnews24