২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যারিজোনায় নিহতদের স্মরণে শোক

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসনে সমাবেশে বন্দুকধারীর গুলিতে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেছে মার্কিনীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 06:33 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসনে সমাবেশে বন্দুকধারীর গুলিতে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেছে মার্কিনীরা। শনিবার টুসনে একটি রাজনৈতিক সমাবেশে বন্দুকধারীর গুলিতে একজন বিচারক ও নয় বছর বয়সী একটি মেয়েসহ ছয় জনের মৃত্যু হয় এবং আহত হয় ১৪ জন। গুলিতে কংগ্রেসের নারী সদস্য গ্যাব্রিয়েল গিফোর্ডস (৪০) গুরুতর আহত হন। এখনো তার অবস্থা সঙ্কটজনক। ওই ঘটনায় নিহতদের স্মরণে সোমবার দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। হোয়াইট হাউসের সাউথ লনে প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে নিহতদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করা হয়। হোয়াইট হাউসের প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারীও শ্রদ্ধা নিবেদনে যোগ দেন। মাথায় গুলিবিদ্ধ গ্যাব্রিয়েল গিফোর্ডস (৪০) ডেমোক্র্যাট দল থেকে গত ২ নভেম্বরের নির্বাচনে তৃতীয় বারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। গুলিবিদ্ধ হওয়ার সময় নিজের নির্বাচনী এলাকায় সমাবেশ করছিলেন গিফোর্ডস। জারেড লি লাফনার (২২) নামের এক যুবক সমাবেশে গুলি চালিয়ে এ হতাহতের ঘটনা ঘটান। সোমবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। গিফোর্ডস এর পেছন দিক থেকে তাকে ও তার আশেপাশের মানুষজনকে লক্ষ্য করে অন্ততপক্ষে ২০ টি গুলি ছোড়ে লাফনার। ঘটনাস্থল থেকে লাফনারকে আটক করে হাজতে নেওয়া হয়। টুসন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে অস্ত্রোপচারের পরও আশঙ্কাজনক অবস্থায় আছেন গিফোর্ডস। তবে তার সুস্থ্য হওয়ার ব্যাপারে আশাবাদী চিকিৎসকরা। এ ঘটনার তদন্ত তদারকিতে এফবিআই পরিচালক রবার্ট মুলেরকে অ্যারিজোনা পাঠান প্রেসিডেন্ট বারাক ওবামা। গিফোর্ডসকে গুলির ঘটনায় ওবামার স্বাস্থ্য সেবা সংস্কার বাতিলের ওপর আগামী সপ্তাহের ভোটাভুটি স্থগিত করেছে কংগ্রেস। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবা সংস্কারের জোরালো সমর্থক গিফোর্ডস তা নিয়ে উদ্ভূত রাজনৈতিক উত্তেজনায় তার ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এইচএ/১২২৯ ঘ.