২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়বে চীন-যুক্তরাষ্ট্র

ভুল বোঝাবুঝি এড়াতে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়তে রাজি হয়েছে বিশ্বের দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 02:17 PM

বেইজিং, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভুল বোঝাবুঝি এড়াতে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক গড়তে রাজি হয়েছে বিশ্বের দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ও চীনের প্রতিরক্ষা মন্ত্রী লিয়াং গুয়াংলি এক বৈঠকে এ ব্যাপারে একমত হন। ১৯ জানুয়ারি চীনের প্রেসিডেন্ট হু জিনতাও-এর যুক্তরাষ্ট্র সফরের এক সপ্তাহ আগে সামরিক সম্পর্কসহ অন্যান্য ক্ষেত্রে দু'দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে রোববার থেকে চার দিনের চীন সফর শুরু করেছেন গেটস। লিয়াংয়ের সঙ্গে বৈঠকের পর গেটস সাংবাদিকদের বলেন, "যথাসময়ে যোগাযোগ না হওয়া, ভুল বোঝাবুঝি বা ভুল ধারণা ও ভুল পদক্ষেপ এড়াতে আমরা গভীরভাবে চুক্তিবদ্ধ হয়েছি।" "আমাদের সামরিক সম্পর্ক দৃঢ়, স্থায়ী হওয়াটা গুরুত্বপূর্ণ। তা যেনো রাজনৈতিক পালাবদলের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন করতে না হয়।", বলেন তিনি। তিনি আরো বলেন, দু দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্কের ঘাটতি যে কোনো ঝুঁকি সৃষ্টি করতে পারে। ওদিকে, লিয়াং বলেন, দু'দেশের সামরিক বাহিনীর মধ্যে স্থায়ী, আস্থাপূর্ণ সম্পর্ক ও যোগাযোগ ভুল বোঝাবুঝি ও ভুল পদক্ষেপ এড়াতে কাজ করবে- এ ব্যাপারে তারা একমত হয়েছেন।" বিশ্বের সর্বাধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তি সমৃদ্ধ চীনের সামরিক বাহিনী কোনো দেশের জন্যই হুমকি নয় বলেও জানান লিয়াং। গত বছর তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ৬ শ' ৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাবের বিরোধিতা করে চীন। তারপর থেকে দুই দেশের সামরিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০২৯ ঘ.