২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে মানবাধিকার আইনজীবীর ১১ বছর কারাদণ্ড

ইরানের বিশিষ্ট নারী মানবাধিকার আইনজীবী নাসরিন সোটোওদেহ্কে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার আইন পেশার ওপর এবং দেশত্যাগের ওপর ২০ বছরের নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 09:38 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের বিশিষ্ট নারী মানবাধিকার আইনজীবী নাসরিন সোটোওদেহ্কে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার আইন পেশার ওপর এবং দেশত্যাগের ওপর ২০ বছরের নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। নাসরিনের স্বামী রেজা খানদান এ খবর জানান বলে বিবিসি জানিয়েছে। জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কাজ করার অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। নিউ ইয়র্ক ভিত্তিক ইরানের আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলন (আইসিএইচআরআই) একে 'ন্যায় বিচারের বিশাল ব্যর্থতা' আখ্যা দিয়েছে। রেজা খানদান জানান, জাতীয় নিরাপত্তা ও সরকারের বিরুদ্ধে কাজ করাসহ হিউম্যান রাইটস ডিফেন্ডারস সেন্টারের সদস্য হওয়ার অভিযোগে নাসরিনকে এ শাস্তি দেওয়া হয়। হিউম্যান রাইটস ডিফেন্ডারস সেন্টার শান্তিতে নোবেলজয়ী শিরিন এবাদি পরিচালিত একটি গোষ্ঠী। ইরানের সরকারবিরোধী কর্মী ও রাজনীতিকরা নাসরিনকে শিরিন এবাদির মতোই বিবেচনা করে থাকে। আইসিএইচআরআই-এর মুখপাত্র হাদি জেইমি বলেন, "এটি স্পষ্টতই রাজনৈতিক দণ্ড যার লক্ষ্য ইরানের একজন শীর্ষস্থানীয় মানবাধিকারকর্মীকে তার কাজ থেকে বিরত রাখা। আর এটি ন্যায় বিচারের বিশাল ব্যর্থতা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫২৩ ঘ.