২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিশিয়ায় বিক্ষোভ-সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

পুলিশের সাথে বিক্ষোভরত জনতার সংঘর্ষে তিউনিসিয়ায় গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2011, 09:15 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

তিউনিস, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পুলিশের সাথে বিক্ষোভরত জনতার সংঘর্ষে তিউনিসিয়ায় গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন। দেশটির সরকারি সংবাদ মাধ্যম রোববার এ খবর জানায়। গত কয়েক দশকের মধ্যে এটিই দেশটিতে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা। চাকরির দাবিতে গত একমাস ধরে দেশটিতে বিক্ষোভ-সংঘর্ষ চলছে। তবে সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলো ঘটে রবিবার তিউনিশিয়ার তিনটি শহরে। তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি সরকারের দেওয়া এক বিবৃতি সূত্রে জানায়, রাজধানী থেকে ২০০ কিলোমিটার দূরের থালা, গ্যাসরিন ও রিজেব শহরে শনিবার রাত থেকে চলা সংঘর্ষে এ পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে। এর আগে ২ জন নিহত হওয়ার খবর জানানো হয়। সরকারি বিবৃতিতে জানানো হয়, নিহত বিক্ষোভকারীরা পেট্রলবোমা, পাথর ও লাঠিসোটা নিয়ে সরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছিল। এ ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের কয়েকজনের আঘাত মারাত্মক বলে জানানো হয়। বিক্ষোভে অংশগ্রহকারীরা জানান, নবীন প্রজন্মের জন্য প্রয়োজনীয় চাকরির সুযোগ না থাকায় তারা ক্ষুব্ধ। তবে সরকার বলছে, দাঙ্গাবাজ চরমপন্থীদের একটি ক্ষুদ্র গোষ্ঠী এ সংঘর্ষের ঘটনা ঘটাচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়, "কোনো গণতান্ত্রিক দেশই এ ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ অনুমোদন করবে না। মালটোভ ককটেলের মত নিষিদ্ধ অস্ত্র ব্যবহার এবং সাধারণ মানুষ ও মানুষের সম্পদের ওপর হামলা চালাচ্ছে নির্দিষ্ট কিছু চরমপন্থী।" এদিকে, তিউনিসিয়ার যোগাযোগ মন্ত্রী সামির লাবিদিয়া আল জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সরকার বিক্ষোভকারীদের দাবি বিবেচনা করছে। যা যা করা দরকার সরকার সেসব ব্যাপারে পদক্ষেপ নেবে। কিন্তু দাঙ্গা-হাঙ্গামা একটি চরমপন্থা। তিউনিশিয়ার প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলি বলেছেন, সহিংস বিক্ষোভ মেনে নেওয়া হবে না। এতে বিনিয়োগকারী ও পর্যটকরা দেশটিতে যেতে আগ্রহ হারাচ্ছে বলেও দাবি করেন তিনি। তিউনিশিয়ার আয়ের একটি বড় অংশ আসে পর্যটন খাত থেকে। ওদিকে, বিক্ষোভ নিয়ে উদ্বেগ জানাতে জাতিসংঘে তিউনিশিয়ার রাষ্ট্রদূতকে ওয়াশিংটনে ডাকা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে জাতিসংঘ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.