তেহরান, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে রোববার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছে।
এর আগে দুর্ঘটনায় ৭০ জনের মৃত্যুর খবর জানানো হয়। তবে এতে আহত ৩৫ জনের অবস্থা সংকটজনক থাকায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা ছিল।
রাজধানী তেহরান থেকে যাত্রা শুরু করে ইরানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ আজারবাইজান-ই-ঘার্বিতে এসে বিমানটি বিধ্বস্ত হয়।
স্থানীয় কর্মকর্তা নোসরাত মোল্লাজাদেহকে উদ্ধৃত করে ইরনা জানায়, "দুর্ভাগ্যবশতঃ আমরা ৭৭ জন নাগরিককে হারিয়েছি। এতে ২৭ জন আহত হয়েছেন।"
বিমানের ব্ল্যাকবক্স পাওয়ার খবর জানার পরপরই প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দ্রুত তদন্তের নির্দেশ দেন।
সরকারের পক্ষ থেকে ইরানের আজারবাইজান-ই-ঘার্বিতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এর আগে ইরানি রেড ক্রিসেন্টের প্রধান মাহমুদ মোজাফ্ফর রয়টার্সকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ইরান এয়ার বোয়িং ৭২৭ যাত্রীবাহী বিমানটি এ দুর্ঘটনার শিকার হয়।
বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ১০৬ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১২ জন ক্রু এবং ৯৪ জন যাত্রী।
গত কয়েক দশকে ইরানে বেশ কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে। পশ্চিমা বিশ্ব থেকে নতুন বিমান ও বিমানের যন্ত্রাংশ ক্রয়ে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।
এই দুর্ঘটনার আগে সর্বশেষ ২০০৯ সালে ইরানের কাজভিনে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে আরোহী ১৬৮ জনের সবাই মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/সিআর/১৪০০ঘ.
bdnews24