নিউ ইয়র্ক, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রখ্যাত পর্তুগীজ সাংবাদিক কার্লোস ক্যাস্ত্রো (৬৫) নিউ ইয়র্কের ম্যানহাটনে বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিহত হয়েছেন।
শনিবার পুলিশ ও সংবাদ প্রতিবেদন সূত্রে জানা যায়, নিহত সাংবাদিকের অন্ডকোষ কাটা ছিল ও তার দেহ ছড়ানো রক্তের উপর পড়ে ছিল।
এ ঘটনায় রেনাটো সিয়েব্রা (২০) নামের এক পর্তুগীজ মডেলকে নিউ ইয়র্কের বেলেভ্যু মানসিক হাসপাতালে আটকে রাখে পুলিশ। ঘটনায় রেনাটোর স্বার্থ জড়িত আছে বলে পুলিশের সন্দেহ।
নিউ ইয়র্ক পোস্টে পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, শুক্রবার রাতে সিয়েব্রা কাটা কব্জি নিয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখান থেকে তাকে আটক করে বেলেভ্যু হাসপাতালে নেওয়া হয়।
নিউ ইয়র্ক টাইমস গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে জানায় ঘটনার দশদিন আগে সিয়েব্রাকে হোটেলে ক্যাস্ত্রোর সঙ্গে দেখা যায়।
শুক্রবার বিকালে হোটেল থেকে পুলিশকে ফোন করা হলে পুলিশ এসে হোটেলকক্ষ থেকে ৬৫ বছর বয়স্ক এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে পুলিশ তাকে ক্যাস্ত্রো বলে সনাক্ত করে। নিউ ইয়র্ক পুলিশের এক মুখপাত্র একথা জানান।
নিউ ইয়র্ক পুলিশের ওই মুখপাত্র আরো জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন ছিল। বিস্তারিত না বলে তিনি জানান, মেডিকেল রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
তবে, নিউ ইয়র্ক পোস্ট ও অন্যান্য সংবাদ সূত্রে উল্লেখ করা হয়, ক্যাস্ত্রোকে মারধোর করা হয় এবং ভাঙা মদের বোতল দিয়ে তার অন্ডকোষ কেটে ফেলা হয়।
এক সময়ের পর্তুগীজ উপনিবেশ আফ্রিকা মহাদেশের এঙ্গোলায় জন্মগ্রহণকারী ক্যাস্ত্রো পর্তুগীজ ভাষার বহু সংবাদ প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৪ ঘ.
bdnews24