নয়া দিল্লি, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্থগিত শান্তি আলোচনা শুরুর লক্ষ্যে ভুটানের রাজধানী থিম্পুতে আগামী মাসে বৈঠকে বসতে পারেন দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব।
রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্র সচিব নিরুপমা রাও ফেব্র"য়ারিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী।
৬-৭ ফেব্র"য়ারি থিম্পুতে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্থায়ী কমিটির বৈঠকের সময় তাদের মধ্যে ওই বৈঠক হতে পারে বলে আশা করছেন নিরুপমা।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জনের প্রাণহানির পর ভারত ও পাকিস্তানের মধ্যকার শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়।
তারপর গত বছর দুই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হলেও শান্তি আলোচনা পুনরায় শুরু করতে পারেননি তারা।
অবশ্য, গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা জানান, দুদেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে মার্চ নাগাদ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি নয়া দিল্লি সফর করতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এজে/১৫০০ ঘ.
bdnews24