আকাপুলকো, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর প্রশান্ত মহাসাগর তীরবর্র্তী পর্যটন শহর আকাপুলকো থেকে শনিবার ভোরে ১৫টি লাশ উদ্ধার হয়েছে। নিহতদের একজন ছাড়া সবার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন ছিলো।
পুলিশ জানিয়েছে, নিহত সবাই পুরুষ এবং তাদের মৃতদেহগুলো একটি শপিং মলের কাছে পাওয়া গেছে। সেখানে মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ী জোয়াকুইন 'শর্টি' গুজম্যান স্বাক্ষরিত একটি হুমকি বার্তা পাওয়া গেছে।
গুজম্যান আকাপুলকোর প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলোর সঙ্গে সংঘর্ষরত শক্তিশালী 'সিনালোয়া' মাদক জোটের প্রধান।
রাজধানী মেক্সিকো সিটি থেকে ২৫০ মাইল দূরের কর্মব্যস্ত পর্যটন শহর আকাপুলকোর নিয়ন্ত্রণ নিয়ে মাদক চক্রের মধ্যকার সংঘর্ষে সেখানকার পর্যটন ব্যবসার মারাত্মক ক্ষতি হচ্ছে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মৃতদেহগুলোর কাছে একটি অগ্নিদগ্ধ ট্রাক ও চারটি বিধ্বস্ত গাড়ি পাওয়া গেছে। এছাড়া শহরের কয়েকটি এলাকা থেকে পুলিশের একজন কর্মকর্তাসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডেরন ২০০৬ সালের ডিসেম্বর মাস থেকে সেনাবাহিনীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছেন। সেই থেকে মাদক সংক্রান্ত সহিংসতায় ৩০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এজে/১৪৪১ ঘ.
bdnews24