টাকসন, অ্যারিজোনা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনে একটি সমাবেশে বন্দুকধারীর গুলিতে কংগ্রেসের এক নারী সদস্য গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা সঙ্কটজনক।
শনিবারের এ ঘটনায় একজন বিচারক এবং নয় বছর বয়সী একটি মেয়েসহ মারা গেছে ছয় জন।
মাথায় গুলিবিদ্ধ গ্যাব্রিয়েল গিফোর্ডস (৪০) ডেমোক্র্যাট দল থেকে গত ২ নভেম্বরের নির্বাচনে প্রতিনিধি পরিষদে তৃতীয় বারের মতো সদস্য নির্বাচিত হয়েছেন।
গুলিবিদ্ধ হওয়ার সময় নিজের নির্বাচনী এলাকায় সমাবেশ করছিলেন গিফোর্ডস।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, জারেড লি লাফনার (২২) নামের এক যুবক এ সময় ৪ ফুট দূর থেকে পিস্তলের গুলি ছুড়ে এ হতাহতের ঘটনা ঘটিয়েছে।
গিফোর্ডস এর পেছন দিক থেকে তাকে ও তার আশেপাশের মানুষজনকে লক্ষ্য করে অন্ততপক্ষে ২০ টি গুলি ছোড়ে লাফনার। আইনপ্রয়োগকারী কর্মকর্তা ও প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে এমএসএনবিসি একথা জানায়।
ঘটনাস্থল থেকে লাফনারকে আটক করে হাজতে নেওয়া হয়েছে।
টাকসন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে অস্ত্রোপচারের পরও আশঙ্কাজনক অবস্থায় আছেন গিফোর্ডস। তবে তার সুস্থ্য হওয়ার ব্যাপারে আশাবাদী চিকিৎসকরা।
এ ঘটনার তদন্ত তদারকিতে এফবিআই পরিচালক রবার্ট মুলেরকে অ্যারিজোনা পাঠিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এ বিষয়ে সাংবাদিকদের ওবামা বলেন, "এ অবর্ণনীয় ঘটনার পিছনে কি উদ্দেশ্য রয়েছে তা এখনো আমরা জানি না।"
গিফোর্ডসকে গুলির ঘটনায় ওবামার স্বাস্থ্য সেবা সংস্কারের ওপর আগামী সপ্তাহের ভোটাভুটি স্থগিত করেছে কংগ্রেস।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সেবা সংস্কারের জোরালো সমর্থক গিফোর্ডস তা নিয়ে উদ্ভূত রাজনৈতিক উত্তেজনায় তার ওপর হামলা হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছিলেন।
পিমা কাউন্টি শেরিফ ক্ল্যারেন্স ডুপিঙ্ক বলেন, আততায়ীর অতীত জীবনে কোনো ধরনের সমস্যা ছিলো এবং সে একা একাজ করেছে বলেও মনে হয় না।
গিফোর্ডসের ওপর হামলা করাই তার দূরভিসন্ধি ছিলো বলেও ডুপিঙ্ক ধারণা প্রকাশ করেন।
যদিও তিনি বলেন, আততায়ী এর আগে হত্যার হুমকি দিলেও গিফোর্ডসের বিরুদ্ধে হুমকি দেয়নি। তার মানসিক সমস্যা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এএইচ/এজে/১৪০২ ঘ.
bdnews24