২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার্তদের আর্থিক সাহায্যের অঙ্গীকার গিলার্ডের

স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত কুইন্সল্যান্ডের অধিবাসীদের আর্থিক সাহায্যের অঙ্গীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 02:38 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

সিডনি, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্মরণকালের ভয়াবহ বন্যায় কবলিত কুইন্সল্যান্ডের অধিবাসীদের আর্থিক সাহায্যের অঙ্গীকার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। বন্যায় কুইন্সল্যন্ডের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা শনিবার পরিদর্শনের সময় তিনি এ অঙ্গীকার করেন। কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন থেকে ৪৫০ কিলোমিটার দূরের শহর সেন্ট জর্জ টাউনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গিলার্ড বলেন, ৪০ লাখ ডলারের জরুরি আর্থিক সহায়তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং যেসব পরিবার কঠিন পরিস্থিতির মধ্যে আছে তাদের জন্য আরো সাহায্য আসছে। কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী আনা ব্লিজ এর সঙ্গে একত্রে কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, কুইন্সল্যান্ডের পুনর্গঠন কাজে আরো শত শত মিলিয়ন ডলার প্রয়োজন হবে। বন্যার্তদের উদ্ধার তৎপরতার দায়িত্বে নিয়োজিত মেজর জেনারেল মাইক স্ল্যাটার এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। সাংবাদিকদের তিনি বলেন, "সঙ্কট এখনো কাটেনি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ পানি না নামা পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। আর পুনর্গঠন কাজ শেষ করতে কয়েক বছর লেগে যেতে পারে।" ওদিকে বন্যায় শনিবার এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। বন্যার্তদের জন্য পানি নিয়ে যাওয়ার সময় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পানির মধ্যে তলিয়ে গেলে তিনি মারা যান। এ নিয়ে বন্যায় দেশটিতে চারজনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়েছে। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় প্রায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুুষকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের বাড়িঘর থেকে। শনিবারও কুইন্সল্যান্ডের ১০টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছিলো। রোববার কিছু এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। বন্যায় কুইন্সল্যান্ডের কয়লাখনিগুলো ভেসে প্রায় ৫০ বিলিয়ন ডলারের রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে আছে। ব্যাপক ক্ষতি হয়েছে গম উৎপাদনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এজে/২০৩৩ ঘ.