লন্ডন, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খাদ্যপণ্যের মূল্য বাড়তে থাকায় শহরে বসবাসকারী গরিবদের অবস্থা সবচেয়ে খারাপ হয়ে উঠতে পারে।
বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অক্টাভিয়ানো কানুতো শুক্রবার এক সাক্ষাৎকারে আশঙ্কার কথা ব্যক্ত করেন।
জাতিসংঘের খাদ্য সংস্থা এ সপ্তাহে জানিয়েছে, বিশ্বব্যাপী খাদ্যমূল্য বৃদ্ধির হারে গত মাসে নতুন রেকর্ড হয়েছে। এছাড়া খাদ্যদ্রব্যের চড়া মূল্যের কারণে ২০০৮ সালে কয়েকটি দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়েছিলো। নীতি নির্ধারকদের আশঙ্কা, পরিস্থিতি সামাল দেওয়া না গেলে নতুন করে হাঙ্গামা সৃষ্টি হওয়ার পাশাপাশি বাণিজ্য রক্ষণশীলতা ও মুদ্রাস্ফীতি বাড়তে পারে।
বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মনে করছেন, বিষয়টি বিশ্বব্যাংক এবং উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সংস্থা জি-২০ 'র জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হবে।
ওয়াশিংটনে নিজ কার্যালয় থেকে রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, "ক্রমবর্ধমান খাদ্যমূল্যের বিষয়টি উদ্বেগের। এর ফলে আমদানিনির্ভর দেশগুলোর প্রবৃদ্ধি চাপের মধ্যে পড়তে পারে।
"তবে লাভবান হতে পারেন উৎপাদনকারী দেশগুলোর গরীব কৃষকরা। আর বিকাশমান শক্তিশালী মুদ্রার কারণে কিছু দেশ এর প্রভাব থেকে রক্ষা পেতে পারে।"
বিশ্বব্যাপী খাদ্যদ্রব্যের চড়ামূল্য আগামী দুই বছর পর্যন্ত স্থায়ী হতে পারে
bdnews24