মিসিসিপি, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে মাত্র ১১ ডলার ডাকাতির দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দুই বোনকে অবশেষে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।
ইতোপূর্বে মিসিসিপি অঙ্গরাজ্যের গভর্নর 'কিডনি দান'র শর্তে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এই শর্ত মেনে নেওয়ায় শুক্রবার তাদের মুক্তি দেওয়া হয়।
গ্লডেস স্কট ও জেইমি স্কট নামে ওই দুই বোন মিসিসিপির সংশোধন কেন্দ্র থেকে হাসিমুখে বের হন।
মুক্তি পাওয়ার পর গ্লডেস স্কট এক সংবাদ সম্মেলনে বলেন, "এ পর্যায়ে আসার জন্য আমাদের দীর্ঘ ও কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। কিন্তু আমরা তা সম্ভব করেছি, আমরা মুক্ত হয়েছি এবং এখনই আমরা মারা যাচ্ছি না।"
জেইমি ও গ্লডেস স্কট নামে দুই বোন ১৯৯৪ সালের এক ডাকাতি মামলায় দোষী সাব্যস্ত হন। তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
অথচ ডাকাতি করে তারা যা নিয়েছে তার অর্থমূল্য ১১ ডলারের কাছাকাছি মাত্র।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া দুই বোনের একজন জেইমির কিডনি আর কাজ করছে না। ফলে প্রতিদিনই তাকে ডায়ালিসিস করাতে হয়।
এই অবস্থায় মিসিসিপির গভর্নর হেলি বারবোর এক বোন অপরজনকে কিডনি দান করার শর্তে মুক্তির ঘোষণা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫১১ ঘ.
bdnews24