২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে প্রশিক্ষক পাঠাচ্ছে নেদারল্যান্ডস

আফগান পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষক পাঠানোর পরিকল্পনা করছে নেদারল্যান্ডস। দেশটির সরকারের পক্ষ থেকে শুক্রবার এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 05:38 AM

Updated : 24 Aug 2022, 02:16 PM

আমস্টারডাম, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষক পাঠানোর পরিকল্পনা করছে নেদারল্যান্ডস। দেশটির সরকারের পক্ষ থেকে শুক্রবার এ কথা জানানো হয়। নেদারল্যান্ডস মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়, "এই মিশনের লক্ষ্য হচ্ছে পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী করা এবং আফগান আইন ও বিচার ব্যবস্থার উন্নয়ন ঘটানো।" বিবৃতিতে আরো বলা হয়, "এটি একটি শিক্ষা এবং প্রশিক্ষণমূলক মিশন। কোনো ধরনের সেনা অভিযান এই মিশন পরিচালনা করবে না।" গত অক্টোবরে দেশটিতে প্রধানমন্ত্রী মার্ক রুথের নেতৃত্বে লিবারেল-খ্রিস্টান ডেমক্রেটরা সরকার গঠন করে। ক্ষমতাগ্রহণের পরের মাস নভেম্বরে রুথ বলেন, তিনি চান আফগান পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য নেদারল্যান্ডস নতুন মিশন পাঠাক। ওই সময় এক জনমত জরিপে দেখা যায়, আফগানিস্তানে সেনা পাঠানোর বিপক্ষে ছিলো অধিকাংশ ডাচরা। পরিকল্পিত পুলিশ প্রশিক্ষণের নতুন মিশনে ৫৪৫ জনের একটি দল পাঠাবে নেদারল্যান্ডস। এদের মধ্যে পুলিশ ও সেনা প্রশিক্ষক ২২৫, সেনা ১২৫, বিমান সেনা ১২০, এফ-১৬ যুদ্ধবিমান প্রশিক্ষণ-এ সহযোগী ৪ এবং ৭০ জন সামরিক কমান্ড সেন্টার বিশেষজ্ঞ থাকবে। ২০১১ সালের মাঝামাঝি থেকে কাজ শুরু করে ২০১৪ সালের মাঝামাঝি পর্যন্ত এই মিশনটির আফগানিস্তানে অবস্থান করার কথা। আফগানিস্তানে পাঠানো ২ হাজার ডাচ সেনাদের অধিকাংশকেই গত অগাস্ট থেকে প্রত্যাহার করে নিয়েছে নেদারল্যান্ডস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৬ ঘ.