মিশর, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক বৃহস্পতিবার বলেছেন, ফিলিস্তিনিদের সঙ্গে চূড়ান্ত চুক্তিতে পৌঁছতে ইসরায়েলকে শান্তি আলোচনা এবং বসতিস্থাপন ইস্যুতে অবস্থান বদলাতে হবে।
মিশরের লোহিত সাগর তীরবর্তী শারম আল শেখ এ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মুবারক একথা বলেন।
বৈঠকের পর মুবারকের মুখপাত্রের ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, "তিনি (মুবারক) বলেছেন, সঙ্কটের চূড়ান্ত সমাধানে পৌঁছতে হলে ইসরায়েলকে অবশ্যই তাদের অবস্থান ও নীতি বদলাতে হবে। তাদেরকে সাময়িক নয়, বরং বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে এগুতে হবে। যাতে করে দখলদারিত্বের অবসান হয় এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়।"
যুক্তরাষ্ট্র গত ডিসেম্বরে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলকে ইহুদি বসতিস্থাপন বন্ধে রাজি করাতে ব্যর্থ হওয়ার কথা জানানোর পর মুবারক এ পক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু করালেও তিন সপ্তাহ পরই তা অচল হয়ে পড়ে।
ইসরায়েল অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে ইহুদি বসতিস্থাপন ১০ মাস বন্ধ রাখার সময়সীমা বাড়াতে অস্বীকৃতি জানানোয় শান্তি আলোচনা থেকে বেরিয়ে যায় ফিলিস্তিন।
ইসরায়েল আবার আলোচনা শুরুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বললেও মুবারক আলোচনা ভেঙে পড়ার জন্য ইসরায়েলকেই দোষারোপ করেছেন। সেইসঙ্গে আবারো এ পক্রিয়া শুরু করার জন্য ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৪০ ঘ.
bdnews24