সিউল, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---দুই কোরিয়ার সম্পর্কোন্নয়নে পিয়ংইয়ংয়ের নিঃশর্ত আলোচনার প্রস্তাবকে 'লোক দেখানো' বলে তা নাকচ করে দিয়েছে সিউল।
দুই কোরিয়া একত্রীকরণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, "বছরের শুরুর দিকে উত্তর কোরিয়া এ ধরনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। দক্ষিণের সঙ্গে লোক দেখানো কর্মকাণ্ডের অংশ হিসেবে তারা এটা করেছে।
"আমরা একে আলোচনার জন্য আন্তরিক প্রস্তাব বলে মনে করি না। এমনকি এটি সঠিক কোনো তরিকাও নয়।"
কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমনে ও পরমাণু কর্মসূচি থেকে উত্তর কোরিয়াকে বিরত রাখতে বুধবার চীন ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূত স্টিফেন বোসওয়ার্থের বৈঠক হয়। ওই বৈঠকের পরই দক্ষিণের সঙ্গে নিঃশর্ত আলোচনার প্রস্তাব দেয় উত্তর কোরিয়া।
বৃহস্পতিবার চীনে অবস্থানরত স্টিফেন শুক্রবার আলোচনার জন্য জাপান যাবেন।
উত্তর কোরিয়াকে বাগে আনতে চীনের ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
২০১০ সালের মার্চে পীত সাগরে উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান কভেট্টি ডুবে ৪৬ নাবিকের মৃত্যু হয়। তাছাড়া নভেম্বরের শেষদিকে ইয়োনপিয়ং দ্বীপে উত্তরের গোলা হামলায় দুই বেসামরিক নাগরিকসহ চার জনের মৃত্যু হয়।
এর জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া এবং পরবর্তীতে নিজেদের বড়ো ধরনের সামরিক মহড়ায় কোরীয় উপদ্বীপে যুদ্ধ যুদ্ধ ভাব বিরাজ করছে।
এ অবস্থায় নতুন বছরের শুরুতে বৈরিতা ভুলে সুসম্পর্ক গড়তে দক্ষিণ কোরিয়াকে নিঃশর্ত আলোচনার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৫৯ ঘ.
bdnews24