সিউল, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- উত্তর কোরিয়াকে বশে আনতে চীনের ওপর চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির অবসান ঘটানোর চেষ্টায় চীনকে তাগাদা দিতে যুক্তরাষ্ট্র বুধবার বেইজিংয়ে দূত পাঠাচ্ছে।
উত্তর কোরিয়া নীতি বিষয়ক মার্কিন দূত স্টিফেন বোসওয়ার্থ চীনে যাওয়ার আগে সিউলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শিগগিরিই শুরু হতে পারে বলে আশা করছে ওয়াশিংটন। যদিও এ আলোচনার ব্যাপারে পিয়ংইয়ংয়ের সদিচ্ছার প্রমাণ দেওয়ার আন্তর্জাতিক দাবির কারণে কোনোরকম অগ্রগতি হওয়া কঠিন।
১৯৫০-৫৩ সালের পর থেকে যে কোনো সময়ের চেয়ে বর্তমানে কোরীয় উপদ্বীপে সবচেয়ে বেশি উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ ও উত্তর কোরিয়া দুপক্ষ থেকেই যুদ্ধের হুমকি আছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার উত্তর কোরিয়া নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, টম ডনিলন এবং ইয়াং জেইচি উত্তরে কোরিয়াতে পরমাণু অস্ত্র পরিহার করতে রাজি করানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।
ওদিকে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও পরমাণু আলোচকের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন দূত বোসওয়ার্থ। এরপর বুধবারেই বোসওয়ার্থের চীনে যাওয়ার কথা রয়েছে এবং বৃহস্পতিবার তিনি জাপানে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২০ ঘ.
bdnews24