বোস্টন, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র প্রবাসী ইরানের সাবেক শাহ-এর ছোট ছেলে আলিরেজা পাহলাভি মঙ্গলবার আত্মহত্যা করেছেন। তার ভাই এ খবর জানিয়েছেন।
শাহ-এর বড় ছেলে রেজা পাহলাভি তার ওয়েবসাইটের মাধ্যমে জানান, "অত্যন্ত দুঃখের সাথে প্রিন্স আলিরেজা পাহলাভির মৃত্যুর সংবাদ আমরা আমাদের দেশবাসীকে জানাতে চাই।"
৪৪ বছর বয়সী পাহলাভি মঙ্গলবার সকালে বোস্টনে তার নিজ বাসভবনে আত্মহত্যা করেছেন। রেজা পাহলাভি ওয়েবসাইটে আরো লেখেন, তিনি পরিবারসহ বন্ধুদের 'শোকসাগরে ভাসিয়ে গেছেন।'
ওয়েবসাইটের ওই লেখায় আরো বলা হয়, ইরানের ভবিষ্যৎ নিয়ে ক্রমাগত চিন্তা ও মানসিক সংকট এবং বাবা-বোনকে হারানোর শোক সামলে ওঠার জন্য বেশ কয়েকবছর ধরেই সে নিজের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল।
পুলিশ এ আত্মহত্যার ঘটনা তদন্ত শুরু করেছে। বোস্টনের সংবাদমাধ্যম জানিয়েছে, পাহলাভি নিজের অ্যাপার্টমেন্টে নিজ গুলিতে আত্মহত্যা করেন।
ইরানে ১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত হন শাহ মোহাম্মদ রেজা পাহলাভি। এক বছর পর তিনি মিসরে মারা যান। তার মেয়ে লায়লা ২০০১ সালে লন্ডনের একটি হোটেল কক্ষে মাত্রাতিক্ত ওষুধ গ্রহণের ফলে মারা যান।
১৯৬৬ সালে তেহরানে জন্মগ্রহণকারী আলিরেজা পাহলাভি ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রে আসার আগ পর্যন্ত ইরানেই পড়াশোনা করেন। যুক্তরাষ্ট্রে তিনি প্রিন্সটন ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
তিনি ইরানের প্রাচীন ইতিহাসের ওপর গবেষণা করার জন্য পিএইচ.ডি গবেষক হিসেবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৮ঘ.
bdnews24