সিউল, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করতে আগামী সপ্তাহে সিউলে বৈঠকে বসছে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা। ১০ জানুয়ারি এ বৈঠক হবে।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
গত নভেম্বরে দক্ষিণ কোরিয় দ্বীপে উত্তর কোরিয়ার গোলাবর্ষণে চারজন নিহত হয়ে ছড়িয়ে পড়া উত্তেজনার পরিপ্রেক্ষিতে জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে এ বৈঠক আয়োজন করা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তা জানান, দুই দেশের জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা ও বিনিময় সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় স্থান পাবে।
জাপানের ইয়োমিউরি পত্রিকায় প্রকাশিত এক সংবাদে ইতোপূর্বে বলা হয়েছিলো, দু'দেশের যৌথ বিবৃতির মূল বিষয়ই হবে নিরাপত্তা সহযোগিতা।
কিন্তু পরে এ সংবাদ নাকচ করে দিয়ে দু'দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, বৈঠকে নিরাপত্তা হুমকি নিয়ে দু'দেশের এ মূহূর্তে কোনো যৌথ ঘোষণা দেওয়ার সম্ভাবনা নেই।
ওদিকে, জাপান ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটনের সঙ্গে থাকা নিরাপত্তা সহযোগিতা চুক্তির সঙ্গে সিউলকেও যোগ করার পরিকল্পনা করেছে । এই লক্ষ্যে জাপান - যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়ার সময় দক্ষিণ কোরিয় সেনাবহিনীর কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
দুই পক্ষ থেকেই এ ধরনের কোন পদক্ষেপ এই প্রথম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৯ ঘ.
bdnews24