বেইজিং, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উত্তর কোরিয়ার একটি মালবাহী জাহাজ পীত সাগরে ডুবে দুই নাবিকের মৃত্যু হয়েছে।
এখনো নিখোঁজ রয়েছে জাহাজটির ১৫ নাবিক।
শুক্রবার দিনের শেষভাগে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর প্রকাশ করেছে।
পরিবহণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন উদ্ধার তৎপরতা কেন্দ্রের বরাত দিয়ে সিনহুয়া জানায়, শুক্রবার সকালে ঝড়ো হাওয়ার মধ্যে ভেতরে পানি ঢুকে 'ক্যাং বং' জাহাজটি ডুবে যায়।
চীনের পূর্বাঞ্চলীয় গিয়াংসু প্রদেশের লিয়ানউয়াং বন্দরের ১২০ নটিক্যাল মাইল পূবে জাহাজটি ডোবে।
সিনহুয়ার ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজে থাকা ২০ জনের মধ্যে ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বাকিদের উদ্ধারে এখনো তৎপরতা চলছে। তবে দমকা হাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
একটি জাহাজ ও বেশ কয়েকটি হেলিকপ্টার উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বলেও জানায় সিনহুয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮০০ঘ.
bdnews24