লন্ডন, ৩০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সাধারণত চল্লিশোর্ধ মানুষেরাই মধ্যবয়স সঙ্কটে ভূগে-- একথা সর্বজনবিদিত। কিন্তু এখন ৩০ পেরোলেই মানুষ মধ্যবয়স সঙ্কটে ভূগছে।
এমনই প্রমাণ মিলেছে ব্রিটেনের সাম্প্রতিক এক জরিপে।
বুধবার প্রকাশিত এ জরিপের ফলে দেখা গেছে, ব্রিটেনবাসীদের যারা ত্রিশের কোটার শেষে কিংবা চল্লিশের শুরুতে পা দিয়েছে তারা যে কোন বয়সের মানুষের চেয়ে বেশি অসুখী। একদিকে, একাকীত্ব এবং অন্যদিকে, কর্মক্ষেত্র ও সম্পর্কের টানাপোড়েনে বিষিয়ে ওঠে তাদের মন।
৩৫ থেকে ৪৪ বছর বয়সীদের ওপর এ জরিপ চালিয়েছে সম্পর্ক বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান 'রিলেট'।
এ বয়সের মানুষদের মধ্যে এক-পঞ্চমাংশ আক্ষেপ করে বলেছে, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে ভালো হতো। আর প্রায় এক-তৃতীয়াংশ মানুষ বলেছে, এ সম্পর্ক অনেক ভাল হতো যদি কাজের সময় আরেটু কম হতো।
তাদের মধ্যে ২০ শতাংশ জানিয়েছে, অনেকটা সময় তারা বিষন্নতায় কাটায় এবং ৫ শতাংশ জানায়, তারা একেবারেই বন্ধুহীন।
গবেষণায় আরো দেখা গেছে, ওই বয়সের মানুষদের মধ্যে ২২ শতাংশ সম্পর্কের টানাপোড়েনের কারণে বিষন্নতায় ভোগে এবং ৪০ শতাংশ তাদের সঙ্গীদের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছে।
২ হাজার ৪০০ প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ওপর পরিচালিত এ গবেষণায় দেখা যায়, সব বয়সের মানুষেরই অর্থ-কড়ির চিন্তা এবং চাকরি থেকে ছাঁটাই হওয়ার কারণে সঙ্গীদের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।
অন্যদিকে, যোগাযোগ সমস্যা, দীর্ঘ সময় কাজ করা এবং গৃহস্থালীর কাজ ভাগাভাগি করা নিয়েও যুগলদের মধ্যে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০১ ঘ.
bdnews24