২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দফা বোমা হামলার পরিকল্পনা ছিলো ফয়সালের

নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ব্যর্থ বোমা হামলার চেষ্টাকারী পাকিস্তানি বংশোদ্ভূত ফয়সাল শাহজাদ ঐ হামলা চেষ্টার দুই সপ্তাহ পরে আবারো বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে বুধবার যুক্তরাষ্ট্রের কৌসুলিরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 08:36 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ব্যর্থ বোমা হামলার চেষ্টাকারী পাকিস্তানি বংশোদ্ভূত ফয়সাল শাহজাদ ঐ হামলা চেষ্টার দুই সপ্তাহ পরে আবারো বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে বুধবার যুক্তরাষ্ট্রের কৌসুলিরা জানিয়েছেন। গত ১ মে টাইমস স্কয়ারে গাড়ি বোমা হামলা চালানোর চেষ্টা ব্যর্থ হওয়ার দুই দিন পর নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে দুবাইগামী একটি ফ্লাইট থেকে গ্রেপ্তার হন শাহজাদ। বিমান ছাড়ার কয়েক মিনিট আগে তাকে গ্রেপ্তার করা হয়। জুনে শাহজাদ বোমা হামলার চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন বলে স্বীকার করেন। কৌসুলিরা আদালতকে বলেন, শাহজাদ তদন্ত কর্মকর্তাদের কাছে স্বীকার করেছেন, টাইমস স্কয়ারে বোমা বিস্ফোরিত হলে কমপক্ষে ৪০ জন নিহত হত এবং দুই সপ্তাহ পরে তিনি দ্বিতীয় বোমা হামলার পরিকল্পনা করেছিলেন। তবে দ্বিতীয় বোমা হামলার পরিকল্পনার লক্ষ্যবস্তু সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানান কৌসুলিরা। শাহজাদ ফয়সাল পাকিস্তানি তালেবান 'তেহরিক-ই- তালেবান পাকিস্তান'র কাছে তিনি বোমা বানানোর প্রশিক্ষণ নিয়েছেন। নিউ ইয়র্কে ব্যর্থ বোমা হামলা চেষ্টার অর্থায়নও তারা করেছে বলে স্বীকার করেছেন তিনি । এসব অপরাধে জড়িত থাকার দায়ে আদালতের কাছে ফয়সালের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আবেদন করেন কৌসুলিরা। তারা বলেন, বৈধ মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক ঝুঁকি হিসেবে দেখা দেন এবং তার সাজা এমন হওয়া উচিত যা দেখে মার্কিন নাগরিকরা উগ্রপন্থার দিকে যাবে না। কৌসুলিরা আরো জানান, টাইমস স্কয়ারে বোমা হামলা চালিয়ে কীভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ানো যায় সে বিষয়ে ইন্টারনেটে হামলার লক্ষ্যস্থলের বিস্তারিত পর্যলোচনা করেন ফয়সাল এবং বোমা বানানোর সময় তিনি পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে পরামর্শ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪২০ঘ.