লন্ডন, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের ৩ লাখ ৮০ হাজার উদ্ভিদপ্রজাতির মধ্যে ৭৬ হাজার প্রজাতি বিলুপ্ত হয়ে যাওয়ার হুমকির মুখে রয়েছে। প্রতি ৫ টির মধ্যে ১ টি প্রজাতি বিপন্ন। মানুষের কার্যকলাপই বেশিরভাগ ক্ষেত্রে এর জন্য দায়ী।
বুধবার প্রকাশিত এক গবেষণায় একথা বলা হয়েছে।
ব্রিটেনের বোটানিক্যাল গার্ডেন, লন্ডনের 'ন্যাচারাল হিস্টরি মিউজিয়াম' এবং 'দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অব ন্যাচার' (আইইউসিএন) এর বিজ্ঞানীরা এ গবেষণা চালিয়েছেন।
এতে দেখা গেছে, ২২ শতাংশেরও বেশি উদ্ভিদপ্রজাতি বিপন্ন, মারত্মকভাবে বিপন্ন অথবা শোচনীয় অবস্থায় রয়েছে।
গবেষণায় বলা হয়েছে, বিলুপ্তপ্রায় প্রজাতিগুলোর মধ্যে শতকরা ৩৩ শতাংশ হুমকির মুখে পড়েছে কৃষি উৎপাদনের জন্য জমি নষ্ট করায়। এককভাবে এ কারণটিই সবচেয়ে বেশি দায়ী।
এছাড়া অন্যান্য প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কৃষি, উন্নয়ন, গাছ কাটা এবং গবাদিপশু পালনের জন্য চারণভূমি ব্যবহার।
গবেষণা অনুযায়ী, ব্রাজিলের বাদাবনের মতো গ্রীষ্মন্ডলীয় বনাঞ্চল সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে।
উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণে নতুন লক্ষ্য নির্ণয়ের জন্য জাপানের নাগোয়া'তে অক্টোবরেরর মাঝামাঝি জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠানের আগ মুহুর্তে এ গবেষণাটি প্রকাশিত হলো।
কিউ'য়ের পরিচালক স্টিফেন হোপার বলেছেন, "আমরা এভাবে বসে বসে গাছের হারিয়ে যাওয়া দেখতে পারি না --- পৃথিবীতে গাছই সব প্রাণের মূল ভিত্তি। গাছ আমাদের বিশুদ্ধ বাতাস, পানি, খাদ্য ও জ্বালানির যোগান দিচ্ছে। প্রাণীজগৎ গাছের উপর নির্ভরশীল এবং আমাদেরও তাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৯ ঘ.
bdnews24