মেক্সিকো, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় মঙ্গলবার ভূমিধসে প্রায় ৩শ বাড়ি চাপা পড়েছে। এতে শ'শ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ এবং গণমাধ্যম একথা জানিয়েছে।
পার্বত্য ওয়াক্সাকা রাজ্যে প্রবল বৃষ্টিপাতের কারণে সান্তা মারিয়া তাহুইটোলতেপেক শহরের কাছে এ ভূমিধস ঘটেছে বলে মনে করা হচ্ছে। এ শহরে প্রায় ৯ হাজার মানুষের বাস।
ওয়াক্সাকার গভর্নর ইউলিসেস রুইজ টেলিভিশনে জানান, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ের প্রায় ২০০ মিটার চওড়া একটি অংশ ধসে পড়েছে। এতে ৫০০ থেকে ৬০০ মানুষ হতাহত হতে পারে বলে জানান তিনি।
তবে বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিক নিহতের সংখ্যা ১ হাজার হতে পারে বলে জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে দেরী হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২৭ ঘ.
bdnews24