সিউল, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল তার ছোট ছেলে কিম জং উনকে দেশটির পরবর্তী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছেন।
উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কেসিএনএ বুধবার জানিয়েছে, জং উনকে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের সেকেন্ড ইন কমান্ড করা হয়েছে।
প্রথম ও সর্বোচ্চ কমান্ড হচ্ছেন কিম জং ইল।
এ ঘোষণার মাধ্যমে কয়েক মাস ধরে উত্তর কোরিয়ার পরবর্তী নেতা নিয়ে যে চলা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছিল তার অবসান ঘটল।
জং উনকে সহায়তা করবে কিম জং ইলের বোন ও তার স্বামী। এদের সমন্বয়ে উত্তর কোরিয়ায় একটি পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে উঠতে যাচ্ছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা থেকেই এই পরিবার দেশটি শাসন করে আসছে।
কুকমিন বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ আন্দ্রেই ল্যাংকোভ বলেন, "নতুন ক্ষমতা কাঠামোর এটি আরো একটি পদক্ষেপ।"
"এ পদক্ষেপে তরুণ ও অনভিজ্ঞ একনায়ক থাকবেন জং উন এবং তার ফুফু ও ফুফা প্রকৃত রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেবেন। এছাড়া তারা তরুণ এ নেতার পরামর্শদাতার ভূমিকাও পালন করবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/০৯৫১ঘ.
bdnews24