লসএ্যঞ্জেলস , সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হলিউড চলচ্চিত্র 'টাইটানিক' এ সাগরের অতলে তলিয়ে জাহাজের জীবিত যাত্রীদের একজনের ভূমিকায় অসাধারণ অভিনয় করা গ্লোরিয়া স্টুয়ার্ট রোববার ১০০ বছর বয়সে মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমস পত্রিকা একথা জানিয়েছে।
তাঁর কন্যা সিলভিয়া থম্পসন পত্রিকাটিকে বলেন, রোববার লস অ্যাঞ্জেলসে নিজের বাসায় ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন গ্লোরিয়া।
পাঁচ বছর আগে তার স্তন ক্যান্সার ধরা পড়ে। তবে শক্ত হাতে অসুখটিকে পাশ কাটিয়েছিলেন তিনি।
১৯১০ সালের ৪ জুলাই ক্যালিফোর্র্নিয়ায় জন্মগ্রহণ করেন গ্লোরিয়া। দর্শন ও অভিনয় নিয়ে পড়াশোনা করা গ্লোরিয়া ৩০ এর দশকে হলিউডে অভিনয় জীবন শুরু করেন।
তাঁর অভিনয় জীবনে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে তেমন খ্যাতি অর্জন করতে না পারলেও ১৯৯৭ সালে বৃদ্ধবয়সে জেমস ক্যামেরুন পরিচালিত চলচ্চিত্র 'টাইটানিক' তাকে রাতারাতি গগণচুস্বী জনপ্রিয়তা এনে দেয়।
৮৭ বছর বয়সে গ্লোরিয়া টাইটানিকের জীবিত যাত্রী রোজের ১০১ বছর বয়সের চরিত্রে অভিনয় করেন। এত বেশি বয়সে এমন অসাধারণ অভিনয় করায় অস্কার পুরস্কারের জন্য মনোনীতও হয়েছিলেন তিনি।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ছবি টাইটানিক যতদিন মানুষের মনে থাকবে ততদিন স্মৃতিতে অম্লান থাকবেন রোজ খ্যাত গ্লোরিয়া স্টুয়ার্টও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২০৫৫ ঘ.
bdnews24