২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে হত্যার অভিযোগে মার্কিন সেনার বিচার শুরু

আফগানিস্তানে বেসামরিক নাগরিক হত্যা ও হত্যার পর অঙ্গ-প্রত্যঙ্গ যুদ্ধের স্মারক হিসেবে রেখে দেওয়ার অপরাধে সোমবার সামরিক আদালতে এক মার্কিন সেনার বিচার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2010, 09:07 AM

Updated : 25 Aug 2022, 06:42 PM

শিয়াটল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে বেসামরিক নাগরিক হত্যা ও হত্যার পর অঙ্গ-প্রত্যঙ্গ যুদ্ধের স্মারক হিসেবে রেখে দেওয়ার অপরাধে সোমবার সামরিক আদালতে এক মার্কিন সেনার বিচার শুরু হচ্ছে। এই অপরাধে ১২ মার্কিন সেনার বিরুদ্ধে এসব অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে প্রথম বিচারের মুখোমুখি হচ্ছেন আলাস্কার ২২ বছর বয়সী মার্কিন সেনা জেরেমি মরলোক। তিন বেসামরিক আফগান নাগরিক হত্যা, সহযোদ্ধা এক সেনাকে নিপীড়ন ও আহতদের ছবি তোলা ও সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। অভিযুক্ত মার্কিন সেনার কাছে আহত আফগানদের বীভৎস ছবি থাকার কথা জানা গেছে। এগুলো আবু গারিব কারাগারে মার্কিন সেনারা ইরাকি বন্দিদের নগ্ন ছবি তোলার পর তা প্রকাশ হয়ে গেলে বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় উঠেছিলো তা স্মরণ করিয়ে দেয়। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র মেজর ক্যাথলিন টার্নার রোববার রয়টার্সকে বলেন, ছবিগুলো অভিযোগের প্রমাণ হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সেগুলো এখনো সাধারণ মানুষের কাছে প্রকাশিত হয়নি। এক বছর আগে ওয়াশিংটনের পঞ্চম ব্রিগেডের সেনাদের কান্দাহারে নিয়োজিত করা হয়। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা তাদের মধ্যেই ছিলেন। অভিযোগপত্র অনুসারে ঐ বেসামরিক আফগানদের হত্যা করা হয় চলতি বছরের জানুয়ারি ও মার্চের মধ্যে। নিহতদের মধ্যে দু'জনকে প্রথমে গ্রেনেড ছুড়ে ও পরে গুলি করে হত্যা করা হয় এবং তৃতীয় জনকে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। জুনে বেসামরিক নাগরিক হত্যায় অভিযোগ আনা ৫ মার্কিন সেনার মধ্যে মরলোক প্রথম। নিহতদের সংখ্যা কমানো ও অন্য বেশ কিছু অপরাধে অন্য সাত সেনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৪২০ঘ.