ম্যানচেস্টার, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড় ভাই ডেভিড মিলিব্যান্ডকে হারিয়ে ব্রিটেনের সাবেক জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড শনিবার লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন।
ম্যানচেস্টারে শনিবার দলীয় সম্মেলনে নতুন নেতা হিসেবে এড মিলিব্যান্ডের নাম ঘোষণা করেন লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সভাপতি।
বড় ভাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডসহ চার প্রার্থীকে হারিয়ে লেবারদের নতুন নেতা নির্বাচিত হন তিনি। এড সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করেন ডেভিডকে।
নির্বাচনী প্রচারাভিযানের সময় ডেভিড শুরু থেকেই এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত মাত্র এক শতাংশের কিছু বেশি ভোটে বিজয়ী হন এড মিলিব্যান্ড।
লেবার পার্টির এমপি এবং দলীয় সদস্যদের ভোটে ডেভিড এগিয়ে থাকলেও ট্রেড ইউনিয়নের সদস্যদের ভোটে এগিয়ে যান বাম-ঘেঁষা এড মিলিব্যান্ড।
ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির জোটের প্রতি এড মিলিব্যান্ড তা মনোভাব ব্যক্ত করে বলেন, "এই জোট সরকার যখন ভুল করবে, তখন আমি তাদের বিরোধিতা করব। তবে তারা সঠিক পদক্ষেপ নিলে তাদেরকে আমি সমর্থন করব। আর সেটাই দায়িত্বশীল রাজনীতি এবং দেশের মানুষ সেই রাজনীতিই চায়।"
এর আগে লেবার পার্টির প্রধান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। গত মে মাসের নির্বাচনে দল পরাজিত হওয়ার পর তিনি পদত্যাগ করেন।
ওই নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে ব্রিটেনে মধ্য বামপন্থী দল লেবার পার্টির ১৩ বছরের শাসনের সমাপ্তি ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/এএইচ/১২৫৭ঘ.
bdnews24