ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতের উত্তর প্রদেশে মৌসুমি বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে তিনশ' ৮০ হয়েছে। 'পিটিআই' বার্তা সংস্থা শুক্রবার একথা জানিয়েছে।
বৃহস্পতিবার থেকে উত্তর প্রদেশের বাস্তি, কনৌজ, বিজনোর, মোরাদাবাদ, ও লক্ষ্মীপুরে বন্যায় মৃতের সংখ্যা বাড়ার খবর পাওয়া যায়। বৃহস্পতিবার থেকে এসব জায়গায় নতুন করে ৬৮ জনের মৃত্যুতে জুন থেকে এ পর্যন্ত সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮০ হয়েছে।
প্রদেশটির পশ্চিমাঞ্চলে বিশেষত বিজনোর, বাদাউন ও শাহজাহানপুরে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে।
বড়াইচ, পিলিভিত, সিতাপুর, দেওরিয়া, গোন্ডা, রামপুর, শাহজাহানপুর, মথুরা, বড়াইলি, সরনপুর এবং কানশিরাম নগর জেলায় উদ্ধার ও ত্রাণ কর্মীরা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে।
ফতেহগড় থেকে এলাহাবাদ এবং মির্জাপুর থেকে বালিয়া পর্যন্ত গঙ্গার পানি উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। ফতেহগড়, কনৌজ এবং কানপুরে গঙ্গার পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৬২৩ ঘ.
bdnews24