লন্ডন, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ব্রিটেন সফররত পোপ ষোড়শ বেনেডিক্ট শনিবার যাজকদের যৌন নিপীড়নের শিকার শিশুদের কাছে ক্ষমা চেয়েছেন।
তিনি বলেন, শিশু যৌন নিপীড়নকারী যাজকরা তার এবং সব রোমান ক্যাথলিক চার্চের জন্য 'লজ্জা ও অবমাননা' নিয়ে এসেছে।
ব্রিটেন সফরের তৃতীয় দিনে পোপ শনিবার ইংল্যান্ড ও ওয়েলসের রোমান ক্যাথলিকদের মাতা চার্চ হিসেবে পরিচিত 'ওয়েস্ট মিনিস্টার ক্যাথিড্রাল'-এ প্রায় দুই হাজার ক্যাথলিক ধর্মানুরাগীর উদ্দেশে দেওয়া অভিভাষণে এ ক্ষমা প্রার্থনা করেন।
পোপ তার অভিভাষণে বলেন, "চার্চের মধ্যে এর পরিচালকদের যৌন নিপীড়নের শিকার শিশুদের যন্ত্রণার গভীরতা আমি বুঝতে পারছি। সব কিছুর পরেও আমি এ ঘৃণ্য অপরাধের শিকার নিষ্পাপ শিশুদের প্রতি আমার গভীর সমবেদনা ব্যক্ত করছি।"
তিনি আরো বলেন, "আমি আপনাদের সঙ্গে একথাও স্বীকার করছি যে, এ পাপ আমাদের সবার জন্য লজ্জা ও অবমাননা বয়ে এনেছে।"
এ লজ্জা নিপীড়নের শিকার ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘবে এবং চার্চ পবিত্র করতে উপকারে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তবে নিপীড়তদের 'সারভাইভারস নেটওয়ার্ক'র পিটার ইসেলি পোপের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, "অপরাধের জন্য দুঃখ প্রকাশ করা পোপ আমাদের প্রয়োজন নেই। আমাদের এমন একজন পোপ দরকার যিনি অপরাধ প্রতিহত করবেন। তার কথায় কোনো কিছুই ঠেকে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/২১১২ ঘ.
bdnews24