কাবুল, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-নির্বাচন বানচালের চেষ্টায় সারা দেশে তালেবানি সহিংসতার মধ্যে দিয়েই শনিবার আফগানিস্তানে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
ভোট কেন্দ্রগুলো লক্ষ্য করে তালেবানের একের পর এক রকেট হামলা ও অন্যান্য সংঘর্ষে সেনা সদস্যসহ নিহত হয়েছে অন্তত ১০ জন। শনিবার আফগান নিরাপত্তা কর্মকর্মারা একথা জানিয়েছেন।
শনিবার সকালে ভোটগ্রহণ শুরুর আগেই দেশের প্রাদেশিক ভোটকেন্দ্রগুলোতে মুহুর্মুহু রকেট হামলা চালানোর পর ভোটাররা ভোটকেন্দ্রে যেতে দ্বিধান্বিত হয়ে পড়ে। ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় তিন ঘণ্টা আগে রাজধানী কাবুলে ন্যাটোর সদর দপ্তর ও মার্কিন দূতাবাস সংলগ্ন এলাকার একটি ভোটকেন্দ্রেও রকেট হামলা চালায় তালেবান।
এছাড়া দেশের অন্যান্য স্থানেও সহিংসতা ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পুলিশ জানিয়েছে, উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের একটি ভোটকেন্দ্রের কাছে অবস্থিত নিরাপত্তা বাহিনীর একটি ফাঁড়িতে আকস্মিক হামলা চালিয়ে তালেবান জঙ্গিরা এক আফগান সেনা ও ছয় সরকারপন্থী মিলিশিয়া সদস্যকে হত্যা করেছে।
ওদিকে, উত্তরাঞ্চলীয় তাকহার ও পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে তালেবানের রকেট হামলায় তিন জন নিহত ও নয় জন আহত হয়েছে বলে কর্মকতারা জানিয়েছেন।
এছাড়া নির্বাচনের আগের দিন দুই প্রার্থীসহ সারাদেশে মোট ২৩ জনকে অপহরণ করা হয়।
২০০৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মতোই শনিবারের এ নির্বাচন বানচালে তালেবানের এসব সহিংসতা ব্যর্থ হবে বলেই ধারণা করা হচ্ছে। সেবারও তালেবান নির্বাচন বানচালের হুমকি দেয় এবং ভোটকেন্দ্রে হামলা চালিয়ে নির্বাচন বানচালে ব্যর্থ হয়।
আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ফাজি আহমদ মানাভি এক সংবাদ সম্মেলনে বলেছেন, দেশের ৫ হাজার ৮ শ' ১৬ টি ভোটকেন্দ্রের ৮ শতাংশ হয় খোলেনি অথবা আমাদের কিছু জানায়নি। তালেবানের হুমকির মুখে আরো এক হাজার ১৯ টি ভোটকেন্দ্র বন্ধ রাখে কমিশন।
ওদিকে, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন।
আগামী ডিসেম্বরে আফগান যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তার আগে এ নির্বাচনকে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর ওপরই নির্ভর করবে ২০১১ সালের জুলাইয়ে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি।
এর আগে, তালেবানরা নির্বাচন বানচালে সহিংস হামলার হুমকি এবং নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি আহ্বান জানায়।
তালেবান জঙ্গিদের নির্বাচন বানচালের হুমকির মুখেই শনিবার আফগানিস্তানে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
স্থানীয় সময় সকাল ৭টা (বাংলাদেশ সময় সকাল ৮.৩০) থেকে ভোটগ্রহণ শুরু হয়।
আফগান পার্লামেন্টের নিুকক্ষ ''লয়া জিরগা'' এর নির্বাচনে ২৪৯ আসনের বিপরীতে লড়ছেন প্রায় আড়াই হাজার প্রার্থী।
এর প্রাথমিক ফলাফল আগামী ৮ই অক্টোবর থেকে প্রকাশ হতে পারে। আর চূড়ান্ত ফলাফল ৩০শে অক্টোবরের আগে পাওয়ার সম্ভাবনা কম।
নির্বাচনে প্রায় তিন লাখ আফগান সেনা ও পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তাদের সহায়তা করছে প্রায় দেড়লাখ বিদেশি সেনা।
ভোটগ্রহণ শুরুর আগে নির্বাচন সম্পর্কে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই সাংবাদিকদের বলেন, "বর্তমান পরিস্থিতিতে আমাদের সামর্থ্যরে সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাতে হবে। নির্বাচনে ভয়-ভীতি উপেক্ষা করে আফগান জনগণের ভোটকেন্দ্রে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এজে/বিবি/এএইচ/এএমটি/১৯০৫
bdnews24