জেরুজালেম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন বন্ধ রাখার মেয়াদ তিন মাস বাড়ানোর প্রস্তাব নাকচ করেছে ইসরায়েল। শান্তি আলোচনা সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
ইসরায়েলের ইহুদি বসতিস্থাপন আংশিক বন্ধ রাখার মেয়াদ এ মাসেই শেষ হতে চলায় তা শান্তি প্রক্রিয়ায় হুমকি হয়ে আছে। এ মেয়াদ আর বাড়ানো না হলে শান্তি আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ফিলিস্তিন। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বরাবরই বলে আসছেন মেয়াদ আর বাড়ানো সম্ভব নয়।
বৃহস্পতিবার মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ইহুদি বসতিস্থাপন বন্ধের মেয়াদ তিন মাস বাড়ানোর প্রস্তাব করলে নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন।
নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, বসতিস্থাপন বন্ধের সময় না বাড়ানোর ব্যাপারে তিনি অটল।
শান্তি আলোচনা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রও ইসরায়েলকে একই ধরনের একটি প্রস্তাব দিলে নেতানিয়াহু সেটিও নাকচ করেন।
গত ২ সেপ্টেম্বর থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সরাসরি শান্তি আলোচনায় অচলাবস্থা সৃষ্টি করেছে এ বসতিস্থাপন ইস্যু।
মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল ওয়ান টেলিভিশনকে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বুধবারের বৈঠকে তিনি পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন বন্ধ রাখার মেয়াদ তিন মাস বাড়ানোর প্রস্তাব করেছেন।
মুবারক বলেন, "আমি নেতানিয়াহুকে এ বিষয়টি সম্পর্কে বলেছি এবং তাকে আলোচনা চলাকালে বসতিস্থাপন বন্ধের মেয়াদ আরো তিন মাস বাড়াতে বলেছি।"
শান্তি আলোচনা সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্রও হোসনি মুবারকের মতো একই ধরনের একটি প্রস্তাব করে।
কিন্তু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা নাকচ করে দেন।
এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর জানায়, শান্তি আলোচনার বিষয়বস্তু নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। কিন্তু বসতিস্থাপন বন্ধের মেয়াদ না বাড়ানোর অবস্থানে তিনি অটল।
তবে ভবিষ্যতে বসতি নির্মাণ সীমিত রাখার ইচ্ছা নেতানিয়াহুর আছে বলে বিবৃতিতে জানানো হয়।
মিশরের পর্যটন নগরী শারম আল শেখ এ মঙ্গলবার হোসনি মুবারকের আয়োজনে অনুষ্ঠিত দ্বিতীয় দফা সরাসরি মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার প্রথম দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যোগ দেন।
অচলাবস্থা কাটাতে হিলারি বৃহস্পতিবার পশ্চিম তীরের রামাল্লাহ শহরে মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন।
আগামী ৩০ সেপ্টেম্বর ইহুদি বসতিস্থাপন ১০ মাস বন্ধ রাখার ইসরায়েলি সময়সীসা শেষ হয়ে যাবে। এরপর ইসরায়েল আবার নতুন বসতি নির্মাণ শুরু করলে শান্তি আলোচনা বর্জন করা হবে বলে জানিয়েছে ফিলিস্তিন।
১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে দখল করা জায়গায় ইহুদি বসতি নির্মাণ করছে ইসরায়েল। এ বসতি নির্মাণের কারণে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা ব্যাহত হবে বলেই মনে করছে ফিলিস্তিন। যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বসতিস্থাপন ১০ মাস বন্ধ রাখার পদক্ষেপ নেয়।
বৃহস্পতিবার ব্রাসেলস এর বৈঠকে ইউরোপীয় নেতারা ইসরায়েলকে বসতি নির্মাণ বন্ধের এ সময়সীমা বাড়ানোর আহ্বান জানাবেন বলে জানিয়েছে রয়টার্স।
যুক্তরাষ্ট্র একবছরের মধ্যে মূল ইস্যুগুলোতে দুপক্ষের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগুচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জর্জ মিচেল বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনি আলোচকরা আগামী সপ্তাহে আবার বৈঠক করে নেতাদের সভা আহ্বানের নতুন দিন নির্ধারণ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০১১ ঘ.
bdnews24