জেরুজালেম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- একটি রাষ্ট্র প্রতিষ্ঠা ও পরিচালনার মতো দৃঢ় অবস্থা ফিলিস্তিনি কর্তৃপক্ষের রয়েছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্ব ব্যাংক।
তবে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগে আকৃষ্ট করতে না পারলে ফিলিস্তিনকে বিদেশি সাহায্যের ওপর নির্ভর করতে হবে।
বৃহস্পতিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সহায়তা করতে ৪ কোটি ডলারের তহবিল অনুমোদন করেছে বিশ্ব ব্যাংক। প্রশাসনিকভাবে বর্তমান দক্ষতা অব্যাহত রাখলে অদূর ভবিষ্যতে যে কোনো সময় ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
প্রতিবেদনে আরো জানানো হয়, একটি টেকসই অর্থনীতি গড়ে তোলার পদক্ষেপ না নিলে ফিলিস্তিন কর্তৃপক্ষ সবসময়ই বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল থেকে যাবে।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মধ্যস্থতায় কোনো অগ্রগতি ছাড়াই বৃহস্পতিবার ইসরায়েল ও ফিলিস্তিনির মধ্যে তিন দিনের আলোচনা শেষ হয়েছে। ফলে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন নিয়ে যে অচলাবস্থা শুরুতে ছিল তাই রয়ে গেল।
ইতোমধ্যে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন পুনরায় শুরু হলে আলোচনা থেকে বেড়িয়ে যাওয়ার হুমকি দিয়েছে ফিলিস্তিন। যুক্তরাষ্ট্রের চাপে পশ্চিম তীরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বসতি স্থাপন বন্ধ রেখেছিল ইসরায়েল।
তবে ফিলিস্তিনের আলোচনা ত্যাগের হুমকির পরেও ইহুদি বসতি তৈরি বন্ধ করবে না বলে আবার জানিয়ে দিয়েছে ইসরায়েল। এমন কী সীমিত তা সময়ের জন্যও না।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি জানান, ইসরায়েল ১০ মাসের জন্য স্থাপনা তৈরি আংশিক বন্ধ রাখায় রাজি হলে তা 'খুবই কার্যকর' হবে।
তবে আলোচনার সঙ্গে সম্পৃক্ত ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বসতি স্থাপনা তৈরি তিন মাসের জন্য বন্ধ রাখার প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কিউএইচ/সিআর/১৩০০ঘ.
bdnews24