মেক্সিকো সিটি, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মেক্সিকোয় প্রায় দুই ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর হাতে প্রাণ হারিয়েছে মাদকচক্রের সন্দেহভাজন ২২ সদস্য। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানায়।
তামাউলিপাস প্রদেশে অবৈধ কর্মকাণ্ড খতিয়ে দেখতে সেনাবাহিনী একটি রেঞ্চে হানা দিলে মাদকচক্রের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। সেনাবাহিনীকে উদ্ধৃত করে বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ খবর জানালেও গোলাগুলি সম্পর্কে বিস্তারিত আর কোনোকিছু জানাতে পারেনি।
ঘটনাস্থল থেকে ২৫ টি রাইফেল, বেশ কয়েকটি গ্রেনেড এবং অন্যান্য কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার নুভো লিওন প্রদেশে অপর এক বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর হাতে ১৯ বন্দুকধারী নিহত হয়। কর্মকর্তাসূত্রে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানায়।
২০০৬ সালে প্রেসিডেন্ট ফেলিপ কাল্ডেরন মাদকচক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে এ পর্যন্ত ২৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। তাদের বেশিরভাগই মাদকচক্রের সন্দেহভাজন সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৪৫ঘ.
bdnews24