নয়া দিল্লি, ভারত, সেপ্টম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাশ্মীরের স্বাধীনতাকামীদের চলমান ভারত সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে বুধবার সরকার ও বিরোধী দলগুলোর মধ্যকার বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে।
ওদিকে, কাশ্মীরে বুধবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আরো ৩ জন নিহত হয়েছে।
সোমবার সেখানে গত দুই দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক সহিংসতায় পুলিশসহ প্রায় ১৮ জন নিহত হওয়ার দু' দিন পর প্রধানমন্ত্রী মনমোহন সিং বিক্ষোভ সহিংসতা অবসানের চেষ্টায় নয়াদিল্লিতে বিরোধী দলীয় নেতাদের সঙ্গে এ বৈঠক করেন।
গত তিন মাস ধরে কাশ্মীরে লাগাতার ভারত সরকার বিরোধী বিক্ষোভ চলছে।
ঐ অঞ্চলে বেসামরিক নাগরিক হত্যার জন্য সেনাদের দায়মুক্তির আইনটি আংশিক তুলে নেওয়ার বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারেননি নেতারা। এ আইনটি তীব্রভাবে সমালোচিত হয়ে আসছে। বৈঠকে কেবল কাশ্মীরে রাজনৈতিক প্রতিনিধিদল পাঠানোর ব্যাপারে একমত হতে পেরেছেন তারা।
সর্বশেষ সহিংসতায় শ্রীনগরের প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে পুঞ্চ এর মেন্ধার এলাকায় অন্ততপক্ষে ৪০ জন আহত হয়েছে।
গত তিন মাসে কাশ্মীরে পুলিশের গুলিতে এ পর্যন্ত ৯০ জন নিহত হয়েছে।
বিক্ষোভ সহিংসতায় একের পর এক নিহতের ঘটনায় চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সঠিকভাবে বিক্ষোভ সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে সমালোচনা উঠেছে।
কাশ্মীরে বিদ্রোহীরা পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোর প্ররোচনায় বিক্ষোভ করছে বলে এতদিন সরকার দাবি করে আসলেও মনমোহন সিং বুধবার ভিন্ন কথা বলেছেন।
সুর পাল্টে তিনি বলেন, স্থানীয় দুঃখ-দুর্দশার কারণেও অনেকে সরকার বিরোধী বিক্ষোভ করছে।
স্বাধীনতাকামীদের নেতা সৈয়দ আলি শাহ গিলানি বৈঠকের ফলাফলকে লোক দেখানো ভড়ং বলে আখ্যায়িত করে তা প্রত্যাখান করেছেন।
কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার জন্যও ভারতীয় সেনাদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, "ভারত সরকার আমাদের দাবি না মানলে আমরা সরকার বিরোধী আন্দোলন আরো জোরদার করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২৩৩৪ ঘ.
bdnews24