প্যারিস, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তার বয়স ৫৪ বছর। দাবি করছেন, ৫৫ সন্তানের বাবা তিনি। এই সব সন্তানের মা-ও ৫৫ জন। আর এত সন্তানের পিতৃত্বের দাবি করে রাষ্ট্র থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এখন ফ্রান্সে গ্রেপ্তার হয়েছেন ওই ব্যক্তি।
ফরাসি পুলিশ বলছে, আফ্রিকান বংশোদ্ভুত ওই ব্যক্তি সন্তানের বাবা হিসেবে নিজেকে নিবন্ধিত করে দেশের সামাজিক সহায়তা কর্মসূচি থেকে প্রতি বছর ১০ লাখ ইউরো হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন।
প্রতারণার অভিযোগে প্যারিসের একটি ভবন থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার ফরাসি পুলিশ এ বিবৃতিতে জানায়। তবে ব্যক্তির নাম প্রকাশ করেনি তারা। অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তিকে ১০ বছর কারাভোগের পাশাপাশি জরিমানা দিতে হতে পারে।
পুলিশের বক্তব্য, শিশুদের ভুয়া পিতৃত্বের দাবি করে ফ্রান্সে বসবাসের সুযোগ করে দিতে সহায়তা করে আসছিলেন ওই ব্যক্তি। মাত্র ১৫০-২০০ ইউরোর বিনিময়ে কর্তৃপক্ষের কাছে নিবন্ধনের মাধ্যমে তিনি এসব শিশু ও তাদের মায়েদের ফ্রান্সে থাকার ও সামাজিক সুবিধা লাভের সুযোগ করে দিয়ে আসছিলেন। আর ওই অর্থের একটি অংশ আবার নিতেন তিনি।
পুলিশের বিবৃতিতে বলা হয়, এ পর্যন্ত ৪২ জন নারীকে সনাক্ত করা হয়েছে, যারা ওই ব্যক্তিকে তাদের সন্তানের পিতা বলে দাবি করেছে।
ওই ব্যক্তি পুলিশকে বলেছেন, বার, নাইটক্লাব এবং বিভিন্ন দেশ সফরের সময় এসব নারী তার সংসর্গে এসেছেন।
তবে পুলিশ জানিয়েছে, দাবি করার সন্তানের বাবা আসলেই ওই ব্যক্তি কিনা, তার জন্য ডিএনএ পরীক্ষা চালানো হতে পারে। আর সে সিদ্ধান্ত আদালত নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৪২১ঘ.
bdnews24