সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘে উচ্চ পর্যায়ের নিরস্ত্রীকরণ সভায় অংশ নিচ্ছেন না ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। জাতিসংঘের কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানিয়েছেন।
জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে অংশ নিতে বিশ্ব নেতারা নিউ ইয়র্কে সমবেত হবেন। অধিবেশন চলাকালেই সেপ্টেম্বরের ২৪ তারিখ এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
সোমবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি মনে করেন এই বৈঠকে মাহমুদ আহমাদিনেজাদের অংশ নেয়া উচিৎ। কিন্তু মঙ্গলবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বান বলেন, "আমি বুঝতে পেরেছি তিনি সভায় অংশ নেবেন না।"
যদিও ইরানের এই নেতার আগামী সপ্তায় জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য শীর্ষক সম্মেলন ও সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে যাওয়ার কথা রয়েছে।
তবে আহমাদিনেজাদের সঙ্গে মিলিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে বান বলেন, "আমি আশা করি তার (আহমাদিনেজাদ) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের একটি সুযোগ আমার রয়েছে, আর সেক্ষেত্রে আমরা ইরানের পরমাণু ইস্যুসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো।"
ইরান পরমাণু কর্মসূচির কিছু স্পর্শকাতর অংশ স্থগিত করতে অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে জাতিসংঘ দেশটির ওপর ৪ দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ধারণা ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পারমাণবি অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে।
ইরান বরাবরই এসব অভিযোগ প্রত্যাখ্যানের পাশাপাশি কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪১৫ঘ.
bdnews24