লন্ডন, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাদক গ্রহণ করে গাড়ি চালানোর অপরাধে মঙ্গলবার ৮ সপ্তাহ কারাভোগের দণ্ড পেয়েছেন প্রখ্যাত ব্রিটিশ সঙ্গীতশিল্পী জর্জ মাইকেল।
জুলাইয়ে তার গাড়িটি লন্ডনের একটি দোকানে আঘাত করে। তদন্তে দেখা যায় মাইকেল মাদক গ্রহণ করে গাড়ি চালাচ্ছিলেন।
আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় কারাভোগের পাশাপাশি জরিমানা হিসাবে গুণতে হবে প্রায় ২ হাজার ডলার। সেইসঙ্গে তার গাড়িচালানোর লাইসেন্সও ৫ বছরের জন্য বাজেয়াপ্ত করা হয়েছে।
তবে মাইকেলের আইনজীবী মুকুল চাওলা বলেন, "অনেক বছর পর প্রথমবারের মতো সে (মাইকেল) আবার লিখতে শুরু করেছে। মাদকের ওপর অত্যাধিক নির্ভরশীলতার কারণে দীর্ঘ সময় তার সৃজনশীলতা বাধাগ্রস্ত হয়েছে।"
জুলাইয়ের ৪ তারিখ পুলিশ হ্যাম্পস্টিডের একটি আলোকচিত্রের দোকানের সামনে দুর্ঘটনার শিকার একটি রেঞ্জ রোভারের ভেতর জর্জ মাইকেলকে দেখতে পায়।
এ ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কাছে গাঁজাভর্তি সিগারেট পাওয়া যায়। এরপর তার রক্তের নমুনা সংগ্রহ করা হয় যাতে মাদকের অস্তিত্ব ছিল।
বিচারে মাইকেলের এতো বেশি দণ্ড হয়তো হতো না। কিন্তু তার পূর্ববর্তী রেকর্ড বেশ নেতিবাচক হওয়ায় বিচারক কোনো রকম নমনীয়তা দেখানোর সুযোগ পান নি।
নিজের কৃতকর্মের জন্য ভক্তদের কাছে এক খোলা চিঠিতে ক্ষমা প্রার্থনা করেছেন জর্জ মাইকেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৫ঘ.
bdnews24