কোপিয়াপো, চিলি, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চিলির খনিতে আটকে পড়া এরিয়েল তাইকোনা মঙ্গলবার এক কন্যা সন্তানের বাবা হয়েছেন।
তবে উদ্ধারকর্মীরা আটকে পড়া আরো ৩২ খনি শ্রমিকের সঙ্গে তাইকোনাকে উদ্ধার না করা পর্যন্ত নবজাতক এসপারানজা বা 'হোপ' অর্থাৎ প্রত্যাশাকে দেখার জন্য তাকে আরো বেশ কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে।
প্রায় ৫ সপ্তাহ আগে খনিতে আটকা পড়েন তাইকোনা। খনি শ্রমিকদের বাঁচাতে অক্সিজেন ও খাদ্য সরবরাহের জন্য একটি ছোট গর্ত খুঁড়েছে কর্তৃপক্ষ। ওই গর্ত দিয়ে নবজাতকের ভিডিওচিত্র পাঠাবেন বলে জানিয়েছেন তাইকোনার স্ত্রী।
খনির পাশে অস্থায়ী তাঁবুতে বসবাসরত তাইকোনার স্ত্রী বলেন, "আমি একাই এ পরিস্থিতি মোকাবিলা করতে পারতাম এবং সে আমাকে চিঠির মাধ্যমে শান্ত থাকতে সাহায্য করেছে। তাকে ধৈর্য্য ধরতে হবে। আমি এবং আমার সন্তানেরা প্রায় প্রতিদিনই তার সঙ্গে কথা বলছি ও যোগাযোগ করছি।"
মাটির গভীরে আটকা পড়া খনি শ্রমিকদের মানসিক অবসাদ দূর করার লক্ষ্যে তাদের জন্য ছোট একটি প্রজেক্টরও পাঠানো হয়েছে। এর সাহায্যে পেলে ও ম্যারাডোনার মতো মহান ফুটবলারদের ভিডিও দেখে সময় কাটাচ্ছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৪৫ঘ.
bdnews24