২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে চালকবিহীন বিমান হামলায় ১২ জঙ্গি নিহত

মার্কিন চালকবিহীন বিমান হামলায় বুধবার পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে ১২ জঙ্গি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 06:09 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

মিরানশাহ, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন চালকবিহীন বিমান হামলায় বুধবার পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে ১২ জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা কর্মকর্তাসূত্রে এ খবর জানা গেছে। চলতি মাসে এটি ১২তম বিমান হামলা এবং ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তৃতীয় হামলা। উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের একটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলটি আল কায়েদা ও তালেবানদের নিরাপদ আশ্রয়স্থল। নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, "কমপক্ষে ৮টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়, এতে কমপক্ষে ১২ জঙ্গি নিহত হয়েছে।" চলতি মাসেই পাকিস্তানের নিয়ন্ত্রণহীন আদিবাসী উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন চালকবিহীন বিমান হামলায় অনেক জঙ্গি নিহত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সাল থেকে এ পর্যন্ত চালকবিহীন বিমানের সাহায্যে চালানো ১২৫টি হামলায় কমপক্ষে ১০৭০ জন নিহত হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, জঙ্গিদের বিরুদ্ধে চালকবিহীন বিমান হামলা ভীষণ কার্যকর। যদিও এতে সাধারণ মানুষ হতাহতের ঘটনায় পাকিস্তানের জনগণ বেশ ক্ষুদ্ধ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ঘ.