২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফেল টাওয়ারে বোমাতঙ্ক!

বোমার গুজবে বিশ্বখ্যাত প্যারিসের আইফেল টাওয়ার থেকে মঙ্গলবার রাতে পর্যটকদের সরিয়ে দেয় পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 05:29 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

প্যারিস, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বোমার গুজবে বিশ্বখ্যাত প্যারিসের আইফেল টাওয়ার থেকে মঙ্গলবার রাতে পর্যটকদের সরিয়ে দেয় পুলিশ। পাশাপাশি একটি মেট্রো স্টেশনেও একই ব্যবস্থা নেয়া হয়। পুলিশসূত্রে এ খবর জানা গেছে। পুলিশের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় রাত ০৮.৩০ মিনিটে আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠানে অজ্ঞাত একব্যক্তি ফোনে জানায়, আইফেল টাওয়ারে একটি বোমা পাতা রয়েছে। মুখপাত্র বলেন, খবর পেয়ে "বিশেষ একটি দল পুরো টাওয়ার এবং আশপাশে তন্নতন্ন করে খুঁজেও কিছু পায়নি। ওই এলাকা থেকে প্রায় ২ হাজার মানুষকে তখন সরিয়ে নেয়া হয়।" অপর এক অজ্ঞাত ব্যক্তির ফোন কলে জানানো হয় সেইন্ট মিচেল মেট্রো স্টেশনেও বোমা পাতা হয়েছে। খবর পেয়ে পুলিশ পুরো স্টেশন খালি করে ফেলে বলে ওই মুখপাত্র জানান। ইতোপূর্বে সেইন্ট মিচেল স্টেশনে ১৯৯৫ সালের জুলাইয়ে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত এবং ৮০ জন আহত হয়। ওই হামলায় আলজেরিয়ার সশস্ত্র ইসলামি গোষ্ঠী (জিআইএ) জড়িত বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্রের ৯/১১ এর বর্ষপূর্তির কারণে ফ্রান্স পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। অপর দিকে ফ্রান্স সিনেট মঙ্গলবার 'নেকাব' পরিধান নিষিদ্ধের আইন পাস করেছে। এই আইন পাসের বিরুদ্ধে ফ্রান্সকে ইসলামি গোষ্ঠীগুলো হুমকি দিয়েছিল। তবে বোমা গুজবের সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা খুঁজে পায়নি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৫ঘ.