২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় বিধ্বস্ত বিমান থেকে ৩৬ জন জীবিত উদ্ধার

ভেনেজুয়েলার দুর্ঘটনাকবলিত বিমান থেকে সোমবার ৩৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2010, 07:25 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

পুয়ের্তো ওরদাজ, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভেনেজুয়েলার দুর্ঘটনাকবলিত বিমান থেকে সোমবার ৩৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত্ব এয়ারলাইনস 'কনভিয়াসা'র অভ্যন্তরীণ রুটের একটি বিমান দেশটির দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত হলে ১৫ নিহত হয়। এর আগে জানানো হয়েছিল দুর্ঘটনায় নিহত হয়েছে ১৩ জন। বিমানটি ৫১ জন আরোহী বহন করছিল। ফ্রান্স নির্মিত দুর্ঘটনাকবলিত বিমান এটিআর-৪২ থেকে ৩৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিমানটি ক্যারিবীয় দ্বীপ মারগারিটা থেকে দক্ষিণাঞ্চলীয় শিল্পনগরী পুয়ের্তো ওরদাজের দিকে যাচ্ছিল। ওরিনোকো নদীর তীরবর্তী একটি ইস্পাত কারখানার কাছে বিমানটি বিধ্বস্ত হলে কারখানার শ্রমিক ও দমকলকর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। তারা দ্রুত আরোহীদের বিমানের বাইরে নিয়ে আসায় সহায়তা করে। আহতদের পুয়ের্তো ওরদাজের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গভর্নর ফ্রান্সিসকো র‌্যাঞ্জেল গোমেজ এক সংবাদ সম্মেলনে জানান, "এখানে আজ অলৌকিক ঘটনা ঘটেছে। ৩৬ জন মানুষের প্রাণ রক্ষা পেয়েছে। তারা কেউ কেউ আহত হয়েছেন বটে, তবে ঈশ্বরকে ধন্যবাদ তারা জীবিত। তাদের সবারই চিকিৎসা দরকার। অনেকে ইতোমধ্যে বাড়িতে ফিরে গেছেন।" এর আগে ভেনেজুয়েলায় বড় ধরনের বিমান দুর্ঘটনা হয়েছিল ২০০৮ সালে। এতে ৪৬ জন যাত্রী প্রাণ হারায়। সে সময় স্থানীয় বেসরকারি এয়ারলাইন সান্তা বারবারা'র একটি বিমান পর্বতে বিধ্বস্ত হরেয়ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৫ঘ.