শ্রীনগর, ভারত, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাশ্মিরজুড়ে ভারতীয় শাসনের বিরুদ্ধে এবং কোরান অবমাননার গুজবকে কেন্দ্র করে সোমবার ছড়িয়ে পড়া বিক্ষোভে কমপক্ষে ১৪ জন নিহত এবং ৭৫ জন আহত হয়েছে।
পুলিশ একথা জানিয়েছে।
এ বছর কাশ্মিরে একদিনে বিক্ষোভে নিহতের সংখ্যা এটিই সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরানের অবমাননা করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়লে কাশ্মীরের বুদগাম ও তাংমার্গ জেলায় হাজার হাজার বিক্ষোভকারী একটি খ্রিস্টান মিশনারি স্কুল ও বিভিন্ন সরকারি ভবনে আগুন ধরিয়ে দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়। পুলিশের গুলিতে নিহত হয় আরো কয়েকজন।
এছাড়া কারফিউ উপেক্ষা করে মুসলিম অধ্যুষিত কাশ্মিরে বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা পাথর ছুড়ে এক পুলিশকে হত্যা করে।
বিবিসি পুলিশের গুলিতে নিহতের সংখ্যা ১৮ উললেখ করেছে। বিবিসি জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুেড়। এতে ১৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে ১২/১৩ বছর বয়সী এক ছাত্রও আছে।
প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা জানান, বিক্ষোভের সময় তারা যুক্তরাষ্ট্র বিরোধী শ্লোগান দিচ্ছিল।
পুলিশ জানায়, কাশ্মিরের পশ্চিমাঞ্চলে কোরান অবমাননার প্রতিবাদে হাজার হাজার আন্দোলনকারীর অংশগ্রহণে চলা বিক্ষোভটি হঠাৎ করে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভে রূপ নেয়।
হিমালয়ের পাদদেশে অবস্থিত বিরোধপূর্ণ এ অঞ্চলটির বেশিরভাগ অংশে কারফিউ জারি করার একদিন পরেই এ ঘটনা ঘটল।
পুলিশ জানিয়েছে, কমপক্ষে ৭৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জন বুলেটবিদ্ধ হয়েছে।
গত তিন মাসে ভারত বিরোধী বিক্ষোভে পুলিশের হাতে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। এর মধ্যে কোরানের মত ইস্যুতে বিক্ষোভ ভারত বিরোধী মানসিকতাকে আরো চাঙ্গা করে তুলতে পারে।
কাশ্মিরে হতাহতের ঘটনা কংগ্রেস চালিত ভারত সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সঠিকভাবে বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হওয়ায় সরকার ইতোমধ্যে সমালোচিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/
bdnews24