২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু আলোচনায় এখনো বাধা ধনী-গরিব বিভেদ: চীন

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন চুক্তির সম্ভাবনার পথে এখনো বাধা হয়ে আছে ধনী আর উন্নয়নশীল দেশগুলোর মধ্যকার বিভেদ। এ বিভেদ মেটানোর আবর্তেই ঘুরপাক খাচ্ছে জলবায়ু আলোচনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2010, 11:38 AM

Updated : 25 Aug 2022, 06:37 PM

বেইজিং, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নতুন চুক্তির সম্ভাবনার পথে এখনো বাধা হয়ে আছে ধনী আর উন্নয়নশীল দেশগুলোর মধ্যকার বিভেদ। এ বিভেদ মেটানোর আবর্তেই ঘুরপাক খাচ্ছে জলবায়ু আলোচনা। চীনের শীর্ষ জলবায়ু আলোচক সু ওয়েই সোমবার এক মন্তব্যে একথা বলেছেন। ন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড রিফর্ম কমিশন এর জলবায়ু পরিবর্তন কার্যালয়ের প্রধান সু ওয়েই বলেন, জলবায়ু পরিবর্তন সমস্যা নিয়ে আলোচনায় এ মুহূর্তে এখনো উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বিশাল ব্যবধান রয়ে গেছে। বিশ্ব উষ্ণায়ন মোকাবেলায় ৩৪ পাতার খসড়া চুক্তি নিয়ে প্রায় ২০০ দেশের আলোচনায় এখনো দরকষাকষি চলছে। পরবর্তী আরেক দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী তিয়ানজিন এ ৪ অক্টোবরে। নতুন একটি বাধ্যবাধকতামূলক জলবায়ু চুক্তির সময়সীমা মূলত নির্ধারণ করা হয়েছিল ২০০৯ সালের শেষ নাগাদ। কিন্তু কোপেনহেগেনে চূড়ান্ত জলবায়ু আলোচনা ব্যর্থতায় পর্যবসিত হয়। এখন নতুন সময়সীমা এ বছর ডিসেম্বরের মধ্যে বাধ্যবাধকতামূলক জলবায়ু চুক্তি হওয়ার আশা করা হচ্ছে। এ সময় আলোচনা চলবে মেক্সিকোর কানকুনে। চায়না টুডে ম্যাগাজিনে সু এক মন্তব্যে বলেন, কিয়োটো প্রটোকলের নীতিমালার মূল বিষয়গুলোতেই এখনো মতবিভেদ কাটেনি। এ নীতিমালায় অভিন্ন তবে সুনির্দিষ্ট কিছু দায় দায়িত্ব পালন করার আছে। তাছাড়া, এতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোয় এগিয়ে আসার জন্য আগে ধনী দেশগুলোরই প্রতিশ্রুতি চাওয়া হয়েছে। কিন্তু সু বলেন, শিল্পোন্নত দেশগুলো এখনো চীন এবং ভারতের মতো বৃহৎ উন্নয়নশীল দেশগুলোকে যথেষ্ট পরিমাণ গ্রিনহাউস গ্যাস কমানোয় প্রতিশ্রুতিব্ধ হওয়ার দাবি জানিয়ে ওই নীতিমালা ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর দায়-দায়িত্ব কে কিভাবে কতটুকু ঘাড়ে নেবে এবং এ কাজের জন্য তহবিল ও জরুরি প্রযুক্তি হস্তান্তরই বা কিভাবে হবে তা নিয়ে দু'পক্ষ এখনো সমঝোতায় পৌঁছতে পারছে না বলে জানান সু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৪ ঘ.