শ্রীনগর, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীনগরে রোববার অনির্দিষ্টকালের জন্য জারি করা কারফিউ ভেঙে বিক্ষোভ করেছে শ শ বিচ্ছিন্নতাবাদী। বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তা বাহিনী গুলি ছুড়েছে। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ২০ জন।
ভারতীয় শাসনের প্রতিবাদে শনিবার শ্রীনগরে সরকারী ভবনগুলোতে মুসলিম বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের পর হাজার হাজার সেনা মোতায়েন করাসহ অনির্দিষ্টকালের কারফিউ জারি করে ভারত। কর্মকর্তারা একথা জানান।
কিন্তু দক্ষিণ কাশ্মিরে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী পীরজাদা মোহাম্মদ সাঈদের বাড়িতে চড়াও হয়ে পাথর ছুড়ে মারে। এ সময় পুলিশ গুলি ও টিয়ারগ্যাস ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে আহত হয় ৫ জন।
ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেছেন, শিক্ষামন্ত্রী ওই সময় বাড়ির ভেতরে থাকলেও তিনি অক্ষত অবস্থায় পরিস্থিতি এড়াতে পেরেছেন।
কিন্তু কাশ্মীরের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা আর সরকারি বাহিনীর সংঘর্ষে ৮ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
উত্তর কাশ্মিরে বিক্ষোভকারীরা একটি স্কুল ভবন জ্বালিয়ে দিয়েছে এবং নিরাপত্তা বাহিনীর টহল যানে পেট্রোল বোমা ছুড়েছে বলে জানিয়েছে পুলিশ।
জুনে পুলিশের গুলিতে ১৭ বছর বয়সী এক ছাত্র হত্যাকে কেন্দ্র করে কাশ্মিরে ছড়িয়ে পড়া প্রতিবাদ-বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করছে ভারত সরকার। গত দুই বছরের মধ্যে কাশ্মিরে এটিই বিচ্ছিন্নতাবাদীদের সবচেয়ে বড় প্রতিবাদ-বিক্ষোভ।
গত তিন মাস ধরে চলা বিক্ষোভ-সহিংসতায় নিহত হয়েছে ৭০ জন। এদের বেশির ভাগই নিহত হয়েছে পুলিশের গুলিতে।
সেনারা শ্রীনগরের ফাঁকা রাস্তায় রাইফেল হাতে টহল দিচ্ছে এবং কাঁটা তারের বেড়া ও লোহার ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে।
শ্রীনগরে গত দুই দশকে সহিংসতায় হাজার হাজার লোক নিহত হয়েছে।
কাশ্মির উপত্যকার অন্য দুটি বড় শহরেও কারফিউ জারি করা হয়েছে।
শনিবার ঈদের নামাজ আদায় করার পর হাজার হাজার বিক্ষোভকারী শ্রীনগরে বিক্ষোভ মিছিল করে এবং সরকারী ও পুলিশ ভবনে আগুন ধরিয়ে দেয়।
বিক্ষোভে নেতৃত্বদানকারী ফারুক এক বিবৃতিতে বলেন, "আমরা শান্তি চাই না, আমরা কবরের নিস্তব্ধতায় শান্তি চাইনা। আমরা কাশ্মির বিরোধের সমাধান চাই। তাহলেই সব সমস্যার সমাধান হবে।"
কাশ্মিরে শান্তি প্রতিষ্ঠা পাক-ভারত সম্পর্কন্নোয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২১ ঘ.
bdnews24