ওয়াশিংটন, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্টকে অবাধ সাংবিধানিক ক্ষমতা দিয়ে শ্রীলংকার পার্লামেন্ট যে সংশোধনী পাশ করেছে তা গণতন্ত্রের জন্য অবমাননাকর। যুক্তরাষ্ট্র শনিবার এ নিন্দা জানিয়েছে।
শ্রীলংকার পার্লামেন্ট বুধবার দু'মেয়াদের বেশি প্রেসিডেন্ট হওয়া যাবে না বলে যে আইন ছিল তা বাতিল করেছে এবং পুলিশ, বিচার বিভাগ, লোক প্রশাসন ও নির্বাচন কমিশনে জনবল নিয়োগে প্রেসিডেন্টকে অবাধ ক্ষমতা দিয়েছে।
প্রেসিডেন্ট মহিন্দ্রা রাজাপাকসের সমর্থনে এ সংশোধনী পাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের মুখপাত্র পি. জে. ক্রাউলি এক বিবৃতিতে বলেছেন, "যুক্তরাষ্ট্র এ কারণে উদ্বিগ্ন যে, এ সংবিধান সংশোধনীতে ভারসাম্য নষ্ট হচ্ছে এবং এভাবে সাংবিধানিক গণতন্ত্রের নীতিমালাও ক্ষুন্ন হচ্ছে।
ক্রাউলি রাজাপাকসের সরকারকে স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা বাড়ানোসহ স্বচ্ছতা বৃদ্ধি এবং জাতীয় ঐক্য জোদার করার আহ্বান জানান।
তবে শ্রীলংকা সরকার সাংবিধানিক সংশোধনীর পক্ষে যুক্তি দেখিয়ে বলেছে, ২০১৭ সালে প্রেসিডেন্সির মেয়াদ শেষ হতে চলা রাজাপাকশেকে সদ্য তামিল টাইগারদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী দেশের অর্থনীতি গড়ে তোলার সময় করে দিতেই এ সংশোধনী পাশ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৫২ ঘ.
bdnews24